২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাস্টমসের নিলাম শেড চট্টগ্রাম বন্দরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত

চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকা থেকে ব্যবহার অনুপযোগী কাস্টমস এর নিলাম শেড বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের চার নম্বর গেইট সংলগ্ন তিন একর জায়গায় স্থাপিত নিলাম শেডটি সরিয়ে বন্দরের বাইরে নিয়ে যাওয়ার জন্য কাস্টমসের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 10:34 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকা থেকে ব্যবহার অনুপযোগী কাস্টমস এর নিলাম শেড বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের চার নম্বর গেইট সংলগ্ন তিন একর জায়গায় স্থাপিত নিলাম শেডটি সরিয়ে বন্দরের বাইরে নিয়ে যাওয়ার জন্য কাস্টমসের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়। যোগাযোগ ও নৌপরিবহন উপদেষ্টা এমএ মতিনের অনুমতি সাপেক্ষে রেলওয়ের কাছ থেকে জায়গা বরাদ্দ চাওয়া হয়েছে। জায়গা পেলেই নিলাম শেডের নির্মাণ কাজ শুরু হবে। বন্দর চেয়ারম্যান কমোডোর এম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে নিলাম শেডটি তৈরি করে দেবে। তিনি আশা করছেন, বন্দরকে নিরাপদ গুদাম হিসাবে ব্যবহারের প্রবণতা রোধ করতে এই উদ্যোগ আরও কার্যকর হবে। কমোডোর ফারুক জানান, বন্দর স্টেডিয়াম সংলগ্ন রেলওয়ের পাঁচ একর জায়গায় নতুন করে নিলাম শেড তৈরির জন্য বন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছে। নৌ পরিবহন উপদেষ্টা এম এ মতিনের অনুমতি সাপেক্ষে রেলওয়ের কাছ থেকে জায়গা বরাদ্দ চাওয়া হয়েছে। রেলওয়ের জায়গা পাওয়া গেলেই শেড নির্মাণের কাজ শুরু হবে। বন্দর চেয়ারম্যান জানান, সংরক্ষিত এলাকা থেকে নিলাম শেডটি স্থানান্তর করা গেলে বন্দরের অনেক জায়গা বাড়বে। মূল্যবান এ তিন একর জমি ইয়ার্ড তৈরিসহ নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যাবে। এতে নিলামযোগ্য পণ্য রক্ষণাবেক্ষণসহ নানা ঝামেলার হাত থেকেও মুক্তি পাবে বন্দর কর্তৃপক্ষ। তিনি বলেন, "কাস্টমস কর্তৃপক্ষ এটি তৈরি করতে গেলে অনুমতি ও নির্মাণ কাজের দীর্ঘ প্রক্রিয়ার জন্য অনেক সময় লেগে যেতে পারে। তাই বন্দর কর্তৃপক্ষের প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে নিজেদের অর্থে এটি নির্মাণ করে দেবে। এ জন্য নৌ পরিবহন উপদেষ্টারও অনুমতি নেয়া হয়েছে।" বন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে বন্দরের ভিতরে অবস্থিত নিলাম শেড ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বন্দরের সংরক্ষিত এলাকায় তিন একর জমি কয়েক বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। নিলাম শেডটি অনুপযোগী থাকায় আমদানিকৃত মালামাল বন্দরের বিভিন্ন কন্টেইনার ইয়ার্ড ও শেডে বিক্ষিপ্তভাবে রাখা হচ্ছে। এতে বন্দরের সংরক্ষিত এলাকায় অনেক জায়গা নষ্ট হচ্ছে এবং নিলাম যোগ্য মালামাল যাচাই ও বাছাইয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। এ প্রসঙ্গে কাস্টমসের সহকারী কমিশনার (নিলাম) এম সাইফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিলাম শেড স্থানান্তরে বন্দরের প্রস্তাবকে কাস্টমস কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবেই নিয়েছে। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথসভা করে এ বিষয়টি চূড়ান্ত হয়েছে। তিনি জানান, কাস্টমসের অধীনে পৃথক নিলাম শেড তৈরি হলে কাস্টমসের নিলাম প্রক্রিয়াতেও গতিশীলতা আসবে। এম সাইফুজ্জামান জানান, নিলামযোগ্য মালের কায়িক পরীক্ষার সুবিধা হবে। কাস্টমস কর্মকর্তারা নিজেদের সুবিধা মত সময়ে মালামাল পরীক্ষা করতে পারবেন এবং নিলাম প্রক্রিয়া শুরু করতে পারবেন। সহকারী কমিশনার জানান, বর্তমানে নিলাম যোগ্য মাল বন্দরের বিভিন্ন ইয়ার্ডে ও শেডে বিক্ষিপ্তভাবে রাখা হচ্ছে। কাস্টমস কর্মকর্তাদের সেগুলো ঘুরে ঘুরে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। এতে কাস্টমস ও বন্দর দুই সংস্থাকেই সম্পৃক্ত থাকতে হয়। ফলে উভয় সংস্থার অনেক সময় নষ্ট হয়। আলাদা নিলাম শেড হলে এ জটিলতারও অবসান হবে বলে তিনি জানান। তিনি জানান, বর্তমানে নিলামযোগ্য মালামালের শুধু কাগজপত্র হস্তান্তর হয়ে থাকে। নিলামের মালামাল রাখার জন্য পৃথক কমপ্লেক্স তৈরি হলে সেগুলো বন্দর থেকে বুঝে নেয়ার সুযোগ থাকবে এবং নিজেদের তত্ত্বাবধানে রেখে নিলাম প্রক্রিয়া এগিয়ে নিতে সুবিধা হবে। বন্দর ও কাস্টমসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্দর থেকে আমদানিকারকরা যেসব পণ্য ৩০ দিনের মধ্যে সরবরাহ নেন না সেগুলো নিলামে তোলা হয়। নিলামের প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় বড় একটা সময় জুড়ে বিপুল পরিমাণ মাল ও কন্টেইনার বন্দরে পড়ে থাকে। এর ফলে কন্টেইনার ও পণ্য জটের সৃষ্টি হয়। তারা জানান, নিলাম শেড বন্দরের বাইরে স্থানান্তরিত হলে এখন থেকে ৩০ দিন পরেই নিলামযোগ্য পণ্য ও কন্টেইনার কাস্টমসের অধীনে শেডে পাঠিয়ে দেয়া হবে। এর পরে সেসব মাল রক্ষনাবেক্ষণসহ নিরাপত্তার বিষয়গুলো কাস্টমস কর্তৃপক্ষ দেখবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৬২৮ ঘ.