ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদারদের কাছ থেকে অবৈধভাবে এক কোটি ৪২ লাখ টাকা নেওয়ার অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের সহকারী পরিচালক আশরাফুল ইসলাম রোববার পল্টন থানায় মামলাগুলো দায়ের করেন।
পল্টন থানার কর্তব্যরত কর্মকর্তা আমজাদ হোসেন জানান, এসব মামলায় ওবায়দুল কাদেরের বিরুদ্ধে জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদারদের কাছ থেকে অন্যায়ভাবে অর্থ আদায়ের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ওবায়দুল কাদের জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক মো. হাবিবুর রহমানকে পরিচালক পদে উন্নীত করে তাকে বিভিন্ন অসৎ কাজে বাধ্য করেন বলেও অভিযোগ করা হয়েছে।
একটি মামলার এজাহারে বলা হয়েছে, ওবায়দুল কাদের ১৯৯৯ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর সময়ের মধ্যে জিবিবি লিমিটেড, মো. ইউনুস অ্যান্ড ব্রাদার্সসহ ১৪টি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৮ লাখ টাকা নিয়েছেন।
দ্বিতীয় মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০০০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ওবায়দুল কাদের সানরাইজ ইঞ্জিনিয়ার্স, জি এন্টারপ্রাইজ, এস এস ইঞ্জিনিয়ারিংসহ ৩০টি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে ৪৭ লাখ টাকা নেন।
তৃতীয় মামলায় অভিযোগ আনা হয়েছে, ২০০১ সালের ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে তিনি কসটেইন ইঞ্জিনিয়ার্স, বান্ধব ট্রেডিং লিমিটেডসহ ৩১টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫৭ লাখ টাকা নিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআইএম/জেকে/এমএ/২২২০ ঘ.
bdnews24