বাগেরহাট, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মোল্লাহাট উপজেলায় ইসমাইল হোসেন (২২) নামে এক ওষুধ ব্যবসায়ীকে শনিবার রাতে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে।
উপজেলার গাওলা ইউনিয়নের নাশুখালী বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ইমরান ফার্মেসিতে এ হত্যাকাণ্ড ঘটে বলে নিহতের বাবা শেখ আলাল উদ্দিন জানান।
পুলিশ রোববার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আলাল উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইসমাইল শনিবার রাতে বাড়িতে খাবার খেয়ে দোকানে ঘুমাতে যায়। রোববার সকালে দোকান থেকে ফিরে না আসায় খুঁজতে গিয়ে দেখি দোকানের ভেতরে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে আছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন।"
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহত ইসমাইলের সঙ্গে তার চাচাতো ভাইদের বাজারের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে স্থানীয় ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়।
ওই বিরোধেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে গোলাম মোস্তফা ধারণা করছেন।
রোববার বিকাল পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩১ ঘ.
bdnews24