ফেনী, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফেনীতে দুটি হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম ও দায়রা জজ বেগম মাহমুদা খাতুন এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে ফুলগাজী উপজেলার মো. জাবেদ (১৭), এমরান (১৯) ও জাফর আহমদ (১৬) এবং সোনাগাজী উপজেলার নিমাজ উদ্দিন স্বপন (২৫)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরফুদ্দিন মানিক জানান, ২০০৫ সালের ৬ এপ্রিল ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের মো. জাবেদ, আব্দুল মান্নানের ছেলে এমরান ও দক্ষিণ শ্রীপুর গ্রামের মো. ইউনুসের ছেলে জাফর আহমদ একই গ্রামের ফুলমিয়ার শিশু কন্যা তাহমিনাকে ধর্ষণের পর হত্যা করে।
হত্যাকাণ্ডের পরদিন ফুল মিয়া বাদী হয়ে ওই তিন জনের বিরুদ্ধে ফুলগাজী থানার একটি মামলা করলে পুলিশ জাবেদ ও এমরানকে গ্রেপ্তার করে। ২০০৫ এর ১৫ মে তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ফুলাগজী থানা পুলিশ।
রোববার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম মামলার তিন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।
জাবেদ ও এমরান বর্তমানে কারাগারে ও জাফর পলাতক রয়েছে।
দ্বিতীয় মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী দ্বিজেন্দ্রলাল কংস বনিক জানান, ২০০৪ সালের ২৮ আগস্ট সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামের জিয়াউল হকের ছেলে নিমাজ উদ্দিন স্বপন পারিবারিক বিবাদের জের ধরে তার শ্যালক আজিজুল হকের ছেলে চান মিয়াকে (১৩) অপহরণ করে সোনাগাজী বাজারের একটি গুদাম ঘরে আটকে রাখে। সেখানেই তাকে নির্যাতন করে হত্যা করা হয়। পরে চান মিয়ার লাশ বস্তায় ভরে একটি পুকুরে ফেলে দেওয়া হয়। ৩০ আগস্ট পুলিশ লাশ উদ্ধার করে।
এই ঘটনায় চানমিয়ার মা হালিমা খাতুন বাদী হয়ে আদালতে মামলা করলে পুলিশ স্বাপনকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাগাজী উপ পরিদর্শক নুরুর রহমান আদালতে স্বপনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
রোববার দায়রা জজ বেগম মাহমুদা খাতুন আসামি স্বপনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬৫৯ ঘ.
bdnews24