ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর ভূতের গলির একটি বাসা থেকে ১২শ' অ্যাম্পুল ভারতীয় প্যাথিডিন ইঞ্জেকশন উদ্ধার করেছে র্যাব।
শনিবার দুপুরে র্যাব-২ এর ক্যাপ্টেন সৈয়দ মো. আস-সাজিদ'র নেতৃত্বে একটি দল নর্থ সার্কুলার রোডের (ভূতের গলি) একটি বাড়িতে অভিযান চালিয়ে খাটের তলা থেকে ইঞ্জেকশনগুলো উদ্ধার করে। জনৈক কাওসার ওই বাসাটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে র্যাব ধারণা করছে।
ক্যাপ্টেন সাজিদ বলেন,"অভিযান চালানোর সময় কাওসারের বাসা তালাবদ্ধ ছিল। বাড়ির মালিককে ডেকে এনে তার উপস্থিতিতে তালা ভেঙে খাটের তলা থেকে আমরা এগুলো উদ্ধার করি। মাদক ব্যবসায়ী কাওসার (৩০) দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে আসছিল।"
সাজিদ জানান, তাদের কাছে থাকা তথ্যানুযায়ী কাওসার একটা চালান নিয়ে বাইরে গিয়েছে যে কারণে তাকে ধরা যায়নি। তবে খুব দ্রুত তাকে ধরার ব্যাপারে র্যাব আশাবাদী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১১০ঘ.
bdnews24