ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শিশুদের পরিপূর্ণ বিকাশের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির ওপর জোর দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী।
শনিবার ঢাকায় শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০০৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, শিশুর বেড়ে ওঠার পরিবেশ তার শৈশব ও কৈশোরের শারীরিক ও মানসিক বিকাশে প্রভাব রাখে। প্রতিটি শিশুরই সুস্থ সুন্দর জীবন গঠনের অধিকার আছে। এর প্রতি গুরুত্ব দিয়ে সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রোকেয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিসেফ এর আবাসিক প্রতিনিধি লুইস জর্জেস আরসেনল্ট, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান মুশফেকা ইকফাৎ ও শিশুদের প্রতিনিধি আনিকাও বক্তব্য দেন।
উপদেষ্টা বলেন, শিশুদের জন্য নেওয়া সরকারের বিভিন্ন কর্মসূচির কারণে দেশে শিশুমৃত্যুহার কমেছে। পাশাপাশি প্রাথমিক স্কুলে শিশু ভর্তির হার এবং স্যানিটেশন বিষয়ে শিশুদের মধ্যে সচেতনতা বেড়েছে। শিশু পাচার ও শিশুশ্রম বন্ধে সরকার জাতীয় শিশু পরিষদ গঠন করেছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে সচিব বলেন, শিশুদের জন্য নেওয়া উন্নয়ন কর্মসূচিতে সরকার শিশুদের সম্পৃক্ত করতে ও তাদের মতামতকে গুরুত্ব দিচ্ছে। শিশুবান্ধব বিচার ব্যবস্থা নিশ্চিত করতেও চেষ্টা চালাচ্ছে সরকার।
আলোচনা শেষে উপদেষ্টা বিভিন্ন আন্তর্জাতিক চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/২০০৫ ঘ.
bdnews24