২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু

কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের বলরামপুর গ্রামে শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতি মারা গেছেন। এরা হলেন রহমান মিয়া (৫৫) ও সামারুন বেগম (৪০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2007, 12:39 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

মৌলভীবাজার, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের বলরামপুর গ্রামে শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতি মারা গেছেন। এরা হলেন রহমান মিয়া (৫৫) ও সামারুন বেগম (৪০)। বাবা-মাকে বাঁচাতে গিয়ে আহত হন রুনা বেগম (১০), মাহমুদা বেগম (১০) ও আব্দুস সোবহান (৪০)। আহতদের কমলগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ সিংহ। তিনি জানান, সকাল ৮টার দিকে বিদ্যুতস্পৃষ্ট রহমান মিয়া ও তার স্ত্রী সামারুন বেগমকে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয। কিছুক্ষণের মধ্যেই মারা যান তারা। তবে নিহত দম্পতির তিন সন্তান এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক দেবাশীষ সিংহ। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে ওই চিকিৎসক জানান, বাড়ির পাশের মাঠে ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে বিদ্যুতের সঙ্গে বাঁশের সংস্পর্শে তড়িতাহত হন সামারুন বেগম। আর তাকে বাঁচাতে গিয়ে স্বামী রহমান মিয়াও বিদ্যুতস্পৃষ্ট হন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিকে, শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান থেকে শুক্রবার বিকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন। তিনি বলেন, চা বাগানের ১৮ নম্বর সেকশনে লাশটি পড়ে থাকতে দেখে শ্রমিকরা বাগান ব্যবস্থাপকে জানায়। তখন তিনি পুলিশে খবর দেন। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫-৪০। তার ধারণা, ওই ব্যক্তিকে কয়েকদিন আগেই হত্যা করা হয়। কারণ লাশে পঁচন ধরেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৯ ঘ.