২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত ৮

ফরিদপুর, সাভার, গাজীপুর ও সিরাজগঞ্জে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের ফরিদপুর প্রতিনিধি জানান, জেলার সদরপুর উপজেলার দশ হাজার নামক স্থানে টেম্পোর চাপায় সুলতান খাঁ (৫৫) নামের এক পথচারী নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 03:09 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর, সাভার, গাজীপুর ও সিরাজগঞ্জে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের ফরিদপুর প্রতিনিধি জানান, জেলার সদরপুর উপজেলার দশ হাজার নামক স্থানে টেম্পোর চাপায় সুলতান খাঁ (৫৫) নামের এক পথচারী নিহত হন। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ারেছ আলী মিয়া জানান, উপজেলার বালিয়াহাটি থেকে সদরপুরগামী টেম্পোটি সুলতান খাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওই পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ টেম্পোচালক তোতা পেয়াদাকে (৩৫) টেম্পোসহ আটক করেছে। এ ব্যাপারে সদরপুর থানায় একটি মামলা হয়েছে। আমাদের সাভার প্রতিনিধি জানান, ঢাকা-আরিচা মহাসড়কের সি অ্যান্ড বি বাসস্ট্যান্ডের কাছে বৃহস্পতিবার গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। সাভার থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা হয়েছে। গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর সদরের মাস্টারবাড়িতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাস ও নসিমনের সংঘর্ষে নসিমন চালকসহ দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, নসিমন চালক আলমগীর হোসেন (২১) ও যাত্রী মো. শহীদুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। শহীদুল্লাহর বাড়ি গাজীপুর সদরের আউটপাড়ায়। আলমগীরের বাড়ি শ্রীপুরের বেরাইদের চালা গ্রামে। আহত দুই নসিমনযাত্রীকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিজানুর রহমান জানান, নসিমনটি মাওনা চৌরাস্তা থেকে জয়দেবপুর চৌরাস্তায় আসছিল। সকাল ১১টার দিকে মাস্টারবাড়ি এলাকায় একটি কাভার্ড ভ্যানকে পাশ কাটাতে গিয়ে একোনাগামী বেগুনবাড়ি পরিবহনের একটি বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ বাসটি আটক করেলও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলার সলঙ্গা থানায় দুটি সড়ক দুর্ঘটনায় চার জন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- ভবেশ পাটওয়ারী (৭০) ও শাহজাহান আলী (৩২)। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হাফিজ জানান, বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চরিয়া শিকার এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে ভবেশ পাটওয়ারী (৭০) নিহত হন। এছাড়া, একই মহাসড়কের ভূঁইয়াগাতী এলাকায় দিনাজপুর থেকে ঢাকাগামী এবি সুপার বাস একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে টনাস্থলেই তিনজন নিতহ ও ১০ জন আহত হয়। নিহত বাসযাত্রী শাহজাহান আলীর বাড়ি রংপুরের মিঠাপুকুরে। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুটি ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএআর/টিএইচ/এসএনডি/জেকে/২১০৭ ঘ.