রাজশাহী, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের আলোচিত মেরিনা হত্যা মামলায় স্বামী শমসের আলীসহ পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার আদালত।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এটিএম মেসবাউদ্দৌলা বৃহস্পতিবার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- আফসার, নাসির, শফিকুল ও আশরাফুল। এদের মধ্যে নাসির পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালের ২৪ ডিসেম্বর শমসের আলী তার স্ত্রীকে তার নানীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার নাম করে বাড়ি থেকে একসঙ্গে বের হয়। ওই রাতেই শমসের অন্য আসামিদের সহায়তায় রেহাইচর এলাকার হাজী ইয়াহিয়ার আমবাগানে মেরিনাকে জবাই করে হত্যা করে।
হত্যাকাণ্ডের পরদিন মেরিনার ভাই তাজেমুল শিবগঞ্জ থানায় এ ব্যাপারে একটি মামলা করেন। মামলাটি পরে রাজশাহীর দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে বিচারক এটিএম মেসবাউদ্দৌলা ওই ৫ জনকে মৃত্যুদণ্ড দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২০৩৭ ঘ.
bdnews24