২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি তদন্ত কমিশনে আরও দুইজন সাক্ষ্য দিয়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংস ঘটনার ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাছে বৃহস্পতিবার দুইজন সাক্ষ্য দিয়েছে। এ পর্যন্ত ২২ দিনে মোট ৮১ জন সাক্ষ্য দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 12:16 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংস ঘটনার ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাছে বৃহস্পতিবার দুইজন সাক্ষ্য দিয়েছে। এ পর্যন্ত ২২ দিনে মোট ৮১ জন সাক্ষ্য দিয়েছে। বৃহস্পতিবার ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবু তায়েব জহিরুল আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের গাড়িচালক গাজী মহিউদ্দিন বেলাল সাক্ষ্য দেন। কেন এনডিসি কমান্ডারকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছে এ প্রশ্নের উত্তরে তদন্ত কমিশনের প্রধান বিচারপতি হাবিবুর রহমান বলেন, ২০ আগস্ট সকালে ঢাবি'র সিনেট ভবনে ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ঢাবি'র বিভিন্ন বিভাগের ছাত্র-শিক্ষকদের মধ্যে মতবিনিময় সভা হয়েছিল। ওই সভার বিষয়বস্তু নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া ২২ আগস্ট কারফিউ ঘোষণার দিন ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। কিন্তু এর কিছু সময় পরই বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের অ্যাম্বুলেন্স থেকে মাইকে শিক্ষার্থীদের হল ত্যাগ না করার পরামর্শ দেয়া হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেনের নির্দেশে এ ঘোষণা দেওয়া হচ্ছে বলে এসময় উল্লেখ করা হয়। ওই অ্যাম্বুলেন্সের চালক গাজী মহিউদ্দিন বেলাল বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন। বেলাল তদন্ত কমিশনকে কী জানিয়েছেন তা বলেননি বিচারপতি হাবিবুর রহমান। এছাড়া রোববার আটককৃত শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন এবং অধ্যাপক হারুণ-অর-রশীদ সাক্ষ্য দেবেন। আটককৃত শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিন,অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক এবং ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল সাক্ষ্য দেবেন সোমবার । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৮০৬ঘ.