ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাস শ্রমিকদের হাতে এক সহপাঠি মারধরের জের ধরে বুধবার সদর উপজেলার উলপুরে সড়ক অবরোধ ও বেশ কয়েকটি বাস ভাংচুর করেছে উলপুর এম এইচ কলেজের শিক্ষার্থীরা। ওই সময় ঢাকা-খুলনা রুটে দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, ভাড়া নিয়ে গোলযোগে কলেজের প্রথম বর্ষের ছাত্র বিপ্লব বিশ্বাসকে সকাল ১০টার দিকে উলপুর বাসস্ট্র্যান্ডে শ্রমিকরা মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত কলেজ ছাত্ররা রাস্তায় নেমে আসে। পরে কলেজ অধ্যক্ষ ও শ্রমিক ইউনিয়নের নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়।
আহত বিপ্লব বিশ্বাসকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, কলেজ শিক্ষার্থীরা রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং কয়েকটি বাস ভাংচুর করে। এর ফলে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-খুলনা সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল।
প্রবীর রায় দুপুরে সাংবাদিকদের জানান, পরিস্থিতি শান্ত রয়েছে এবং ওই রাস্তায় গাড়ি চলাচলও এখন স্বাভাবিক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৩ ঘ.
bdnews24