ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের অভিযোগে বরখাস্ত হওয়া শান্তিনগর সাব পোস্ট অফিসের পাঁচ কর্মীকে বুধবার পুলিশের হাতে তুলে দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
রমনা থানা পুলিশের উপ পরিদর্শক কল্পনা রানী দত্ত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্নীতি দমন কমিশন রমনা থানা পুলিশকে ডেকে নিয়ে এ পাঁচ কর্মীকে তাদের তুলে দেয়। পরে থানায় এনে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- শান্তিনগর সাব পোস্ট সাবেক সাব মাস্টার আবুদল ওয়াদুদ খান (৩৬), ট্যাক্স অপারেটর ফরিদ আহমেদ পাটোয়ারি (৪২), সুফিয়া বেগম (৭৪), বাদল কুমার নন্দী (৫১) ও মো. আবু সিদ্দিক মিজি (৫৬)।
দুর্নীতি দমন কমিশন জানুয়ারিতে এদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এর পরপরই তাদের বরখাস্ত করে কর্তৃপক্ষ। বুধবার জিজ্ঞাসাবাদের জন্য তাদের কমিশনে ডেকে নেওয়া হয়।
ডাক বিভাগের এই পাঁচ কর্মীর বিরুদ্ধে গাড়ির রুট পারমিটের টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারা এবং ১৯৯৩ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আলাদা তিনটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআরএফ/এসএনডি/১৫৩০ ঘ.
bdnews24