আবু নোমান সজীব
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জুম্মার নামাজ পড়ে বাসায় ফিরছিলেন মো. সেলিম। হঠাৎই নির্মাণাধীন একটি ভবনের সাত তলা থেকে এক টুকরো ইট খসে পড়ে সেলিমের মাথায়। তারপর আর বাড়ি ফেরা হয়নি সেলিমের। হাসপাতাল মর্গ থেকে স্বজনরা সেলিমের লাশ নিয়ে বাড়ি ফেরেন।
ঢাকা শহর ঘুরে প্রতিবেদক আবু নোমান সজীব অরক্ষিত অবস্থায় অনেক বহুতল ভবনের নির্মাণ কাজ দেখেছেন। নির্মাণাধীন ভবনগুলো থেকে কর্মরত শ্রমিকদের অসাবধানতাবশত পড়ছে নির্মাণ সামগ্রী। কখনো কখনো তা জীবন ও সম্পদহানির কারণ হচ্ছে। কোন কোন ভবনে নামেমাত্র জাল ও টিন দিয়ে নিরাপত্তা বেস্টনী তৈরী করা হলেও তা পুরোপুরি নিরাপদ বলে মনে করছেন না রাজউক কর্মকর্তারা।
এমনই দুর্ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর গোপীবাগে একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় ইট পড়ে মো: সেলিম (২৩) নামে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়। সেলিম শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট মহাবিদ্যালয়ে সম্মানের ছাত্র ছিলেন।
নিহতের বাবা মো. পিয়ারুল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জুম্মার নামাজ শেষ করে বাসায় ফেরার পথে আরকে মিশন রোডের একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে একটি ইট সেলিমের মাথায় এসে পড়ে। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর ঘটনায় ১৬ সেপ্টেম্বর রাজধানীর লালবাগে মাথায় ইট পড়ে পথচারী আশরাফ আলীর (৪৫) মৃত্যু হয়। সকাল সাড়ে ১০ টার দিকে লালবাগ পুলিশ ফাঁড়ির দক্ষিন দিকে মদীনা টাওয়ারের নির্মাণাধীন নয় তলা ভবনের ওপর থেকে একটি ইট পথচারী আশরাফের মাথার উপর পড়ে। এলাকাবাসী তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সেখানে তার মৃত্যু হয়। নিহত আশরাফ আলী উর্দু রোডের একটি তৈরী পোশাক প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন।
মঙ্গলবার গুলশান এক নাম্বারে নির্মাণাধীন বহুতল ভবন 'জব্বার টাওয়ার' থেকে নির্মাণসামগ্রী পড়ে একটি টয়োটা করোলা গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় চালক সামান্য আহত হলেও বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। এ ব্যাপারে গাড়ির চালক এমরান আলী বাদি হয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শুধুমাত্র সাধারণ পথচারীরাই না প্রয়োজনীয় নিরাপত্তা বেস্টনির অভাবে কর্মরত নির্মাণ শ্রমিকরাও অহরহ দুর্ঘটনার শিকার হচ্ছেন। এমনই দুর্ঘটনায় বহুল আলোচিত র্যংগস ভবন ভাঙ্গার সময় গত ৮ আগস্ট ১৩ তলা থেকে পড়ে শ্রমিক সোরহাব হোসেনের মৃত্যু হয়। ভবনের নীচে রাখা মটরসাইকেলের ওপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র হাসনাত নাহিয়ান অলি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবস্থা এমন দাঁড়িয়েছে যে পথে বের হতেই আতংক বোধ করি। এরকম হলে আমাদের তো মাথায় হেলমেট পড়ে রাস্তায় বের হতে হবে।"
শ্যামলীতে নির্মাণাধীন একটি ছয় তলা ভবনে কর্মরত রাজমিস্ত্রিী সিরাজ মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তো কাজ করার সময় মালিককে নেট বা টিন বাঁধার ব্যবস্থা করতে বলি। কিন্তু তারা যদি ব্যবস্থা না করে, তাহলে আমরা কি করবো?"
এদিকে রাজউকের নীতিমালা অনুসরণ করে যথাযথ নিরাপত্তা বেস্টনি তৈরি করলে সহজেই এ ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে রাজউক কর্মকর্তারা জানিয়েছেন।
এ ব্যাপারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান ইমারত পরিদর্শক কেএম নজরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "রাজউক থেকে কোন ভবনের নকশা অনুমোদনের সময়ই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ভবন মালিকরা এসব শর্ত মানছেন না।"
রাজউকের তত্ত্বাবধায়ক কর্মকর্তা শামসুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্মাণাধীন ভবনে কাজ করার সময় আশেপাশে নিরাপত্তা বেস্টনি তৈরী করার জন্য রাজউকের সুস্পষ্ট বিধিমালা রয়েছে। এছাড়া অনুমোদনের সময় নকশার উপরই এ ধরণের শর্ত হাতে লিখে দেওয়া হয়। যেমন বহুতল ভবনের ১৫ তলায় কাজ চললে ১৪ তলায় অবশ্যই টিন বা জাল দিয়ে নিরাপত্তা বেস্টনি তৈরি করা বাধ্যতামূলক।"
তিনি বলেন, "এক্ষেত্রে মালিক শর্ত না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজউকের একার না। পরিবেশ অধিদপ্তরও এ ব্যাপারে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা বা মামলা দায়ের করতে পারে।"
রাজউকের ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "স
bdnews24