২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিলের একাংশ সাময়িক বন্ধ

খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিলের ২ নং মিল এক মাসের জন্য সাময়িক বন্ধ (লে-অফ) ঘোষণা করা হয়েছে। মিলের এ অংশে ২১৫ জন স্থায়ী ও দু'শতাধিক অস্থায়ী শ্রমিক কাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 04:13 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

খুলনা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিলের ২ নং মিল এক মাসের জন্য সাময়িক বন্ধ (লে-অফ) ঘোষণা করা হয়েছে। মিলের এ অংশে ২১৫ জন স্থায়ী ও দু'শতাধিক অস্থায়ী শ্রমিক কাজ করছে। সোমবার রাত সাড়ে ১১ টায় বন্ধের নোটিশ মিলগেটে টাঙিয়ে দেওয়া হয়। মঙ্গলবার ভোর ৬ টা থেকে তা কার্যকর হয়েছে। এর আগে ১৯ এপ্রিল ৪৫ দিনের জন্য মিলটি বন্ধ করা হয়েছিল। মিলের প্রকল্প প্রধান মো. মহিউদ্দীন স্বাক্ষরিত নোটিশে জানানো হয়েছে, যেসব শ্রমিকের চাকরির মেয়াদ এক বছর পূর্ণ হয়নি তারা বন্ধ চলার সময় কোনো আর্থিক সুবিধা পাবে না। অন্যদিকে, যারা কর্মস্থল হতে ছুটি/অনুপস্থিত আছে তারা যে তারিখে কাজে যোগ দেবে তখন হতে লে-অফ বিবেচিত হবে। শ্রমিকরা আগের মতো কাজ না করে অযৌক্তিক মজুরি দাবি করায় বিজেএমসি চেয়ারম্যানের নির্দেশে মিলটির একাংশ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে তিনি জানান। এদিকে, সাময়িক বন্ধ ঘোষণার পর বিক্ষুব্ধ শ্রমিকরা মঙ্গলবার সারাদিন মিলের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানায়। এক পর্যায়ে ৩০/৩৫ জন শ্রমিক বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে পুলিশ তাদের বিরত করে। শ্রমিকরা জানায়, এর আগে মোট ১১৩ দিন লে-অফ থাকলেও তারা কোনো আর্থিক সুবিধা পায়নি। এছাড়া দীর্ঘদিনের মজুরি ও আসন্ন ঈদ বোনাসও তাদের দেওয়া হয়নি। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে তাদের পথে বসতে হবে। মিল শ্রমিক আব্দুল মোতালেব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্তানদের মুখে যদি খাবার তুলে দিতে না পারি তাহলে বেঁচে থেকে কী লাভ।" সিবিসি বিভাগের স্থায়ী শ্রমিক আব্দুল হাকিম জানান, ঈদ চলে এসেছে, অথচ স্ত্রী-পরিজনকে নতুন কাপড় দেওয়াতো দূরের কথা, দু'মুঠো ভাতের ব্যবস্থাই করা যাবে না। মজুরি বাড়ানোর দাবিতে মিলের বদলি শ্রমিকরা গত ৩ সেপ্টেম্বর থেকে কর্মবিরতি পালন করছিল। সোমবার দুপুরে তারা এ কর্মসূচি স্থগিত করে। এর আগে গত ১৯ এপ্রিল খুলনার ক্রিসেন্ট, পিপলস ও স্টার জুট মিল সাময়িক বন্ধ করা হয়। পরে ১ আগস্ট পিপলস জুট মিল একেবারে বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ আর্থিক সঙ্কটের কারণ দেখিয়ে গত ২২ সেপ্টেম্বর আলীম জুট মিল এক মাসের জন্য বন্ধ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২১৩ ঘ.