২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর নাছির ও মীর হেলালের কর ফাঁকির মামলা হাইকোর্টে স্থগিত

সাবেক বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মীর মো. নাছির উদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা দুটি আয়কর ফাঁকি মামলার কার্যক্রম ২৯ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 11:06 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সাবেক বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মীর মো. নাছির উদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা দুটি আয়কর ফাঁকি মামলার কার্যক্রম ২৯ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. আওলাদ আলী ও বিচারপতি শামীম হাসনাইন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মীর নাছির ও মীর হেলালের দায়ের করা পৃথক দুইটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের বিশেষ জজ আদালতে বিচারাধীন মামলা দুটির কার্যক্রম আগামী ২৯ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেন। একইসঙ্গে এই মামলা দুটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না আগামী দুই সপ্তাহের মধ্যে তার কারণ দর্শানোর জন্য সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি রুল জারি করা হয়েছে। চট্টগ্রাম কর অঞ্চল-২ এর উপ কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা বাদি হয়ে গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলা দুটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, মীর নাছির ১৯৯১ থেকে ২০০৭ সাল পর্যন্ত সঠিকভাবে আয়কর দেননি। তিনি এ সময়ে যে আয়কর রিটার্ন দিয়েছেন তা সঠিক নয়। মীর হেলালও ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত আয়কর দেননি। তিনি ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত দেওয়া আয়কর রিটার্নে মিথ্যা তথ্য দিয়েছেন বলে ওই অভিযোগে উল্লেখ করা হয়। মীর নাছির ও মীর হেলালের পক্ষে হাইকোর্টে রিট আবেদনের ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএ/১৬৫৯ঘ.