২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন দাবিতে সাভারে গার্মেন্টসে বিক্ষোভ, মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে পৌর এলাকার উত্তরপাড়া মহল্লায় গেঞ্জি তৈরির প্রতিষ্ঠান এরাজ অ্যাপারেলস কারখানার কয়েকশ শ্রমিক সোমবার সকালে বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা মালিকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগও দায়ের করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 10:38 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

সাভার, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন পরিশোধের দাবিতে পৌর এলাকার উত্তরপাড়া মহল্লায় গেঞ্জি তৈরির প্রতিষ্ঠান এরাজ অ্যাপারেলস কারখানার কয়েকশ শ্রমিক সোমবার সকালে বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা মালিকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগও দায়ের করে। দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সকালে কারখানায় জড়ো হয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। তখন ওই কারখানায় পুলিশ মোতায়েন করা হয়। বেলা ১১টার দিকে কারখানা মালিকের বিরুদ্ধে শ্রমিকরা একটি অভিযোগ দায়ের করে বলে জানান সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির। এ বিষয়ে তদন্তভার দেওয়া হয় উপ-পরিদর্শক আমিনুল ইসলামকে। আমিনুল ইসলাম দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ঘটনাস্থলে গিয়ে মালিককে খুঁজে পাইনি। কারখানায় তালা ঝুলছিল। তবে ভবনের মালিককে পেয়েছি। সোমবারের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য কারখানা মালিককে জানাতে তাকে বলে এসেছি।" এ বিষয়ে এরাজ অ্যাপারলেস এর মালিক মজিবুর রহমান মিলনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, 'অর্ডার না থাকায় শ্রমিকদের বেতন বকেয়া পড়েছে। দ্রুতই শ্রমিকদের বকেয়া পরিশোধ করে দেব।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৫ ঘ.