২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো মামলা: অনুমতি না পাওয়ায় সোমবার রিট দায়ের হয়নি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো মামলা জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন বৃহস্পতিবার দায়ের করতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 10:36 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো মামলা জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন বৃহস্পতিবার দায়ের করতে বলেছে হাইকোর্ট। সোমবার খালেদা জিয়ার কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন। ব্যারিস্টার রফিক উল হক খালেদা জিয়ার পক্ষে শামসুর রহমান শিমুল বিশ্বাসকে দেওয়া পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে রিট আবেদনটি দায়ের করার অনুমতি চান। আদালতের অনুমতি না পাওয়ায় সোমবার রিটটি দায়ের হয়নি। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী গত ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতির এ মামলা দায়ের করেন। ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, কমলাপুর ও চট্টগ্রাম বন্দরে আইসিডি ইয়ার্ডে কন্টেইনার হ্যান্ডলিং ঠিকাদার নিয়োগ সংক্রান্ত দরপত্রের শর্ত ভঙ্গ করে অদক্ষ গ্যাটকোকে কাজ পাইয়ে দিয়ে আসামিরা রাষ্ট্রের ১ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি সাধন করেন। ১৭ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভূক্ত করা হয়। মামলার ছয় আসামি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক চেয়ারম্যান এ এস এম শাহাদত হোসেন, সাবেক পরিচালক (পরিবহন) এ এম সানোয়ার হোসেন, সাবেক প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহম্মেদ আবুল কাশেম, সাবেক সদস্য লুৎফুল কবীর, গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) পরিচালক সৈয়দ তানভীর আহমেদ ও সৈয়দ গালিব আহমেদকে গ্রেপ্তারের পর গতকাল রোববার কারাগারে পাঠানো হয়। মামলার অন্য পাঁচ আসামি হলেন, চবকের সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী, সাবেক নৌ পরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের স্ত্রী জাহানারা আনসার, তার ছেলে ইসমাইল হোসেন সায়মন, গ্যাটকোর পরিচালক একেএম মুসা কাজল ও এহসান ইউসুফ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৬২৯ ঘ.