ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রিপক্ষীয় চুক্তির বাস্তবায়ন ও ঈদের আগেই পোশাক কারখানাসহ সব শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারির বকেয়া বেতন-ভাতা ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।
তোপখানা রোডে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয়ে রোববার গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় এই দাবি জানানো হয় বলে মোর্চার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বাম মোর্চা শ্রমিক নির্যাতন, বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করা ও নূন্যতম মজুরীসহ ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন না করায় পোশাক শিল্পে বিরাজমান অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেছে।
সভার প্রস্তাবে বলা হয়, "অতীতের মতোই সরকার ও মালিকপক্ষ সমস্যার মূল কারণ আড়াল করে ষড়যন্ত্র ও চক্রান্ত খুঁজতে থাকে। এতে সমস্যা না মিটে বরং বেড়ে যায়।"
মোর্চার সমন্বয়ক খালেকুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন টিপু বিশ্বাস, সাইফুল হক, বজলুর রশিদ ফিরোজ, অ্যাডভোকেট হামিদুল ইসলাম, বাবুল বিশ্বাস নজরুল ইসলাম, শহীদুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএসবি/২৩৫২ ঘ.
bdnews24