২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মীর নাছিরের আয়কর ফাঁকির মামলার অভিযোগ গঠন পিছিয়েছে

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মীর নাছির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে দুটি পৃথক আয়কর ফাঁকির মামলার অভিযোগ গঠন পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 11:28 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মীর নাছির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে দুটি পৃথক আয়কর ফাঁকির মামলার অভিযোগ গঠন পিছিয়েছে। আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মজনুল আহসান অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী ১৭ অক্টোবর ধার্য করেন। মামলার আসামি মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও মীর হেলাল উদ্দিন ওই সময় আদালতে উপস্থিত ছিলেন। সময় নেওয়ার প্রসঙ্গে আসামি পক্ষের আইনজীবী নাজিম উদ্দিন চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার এজাহারে উল্লিখিত সম্পদ বিবরণীতে ঢাকা ও চট্টগ্রামের সম্পত্তির কথা উল্লেখ থাকায় তা জানা ও মামলার সুষ্ঠু বিচারের স্বার্থে দুই আসামির সঙ্গে কথা বলার প্রয়োজন রয়েছে। তাই আমরা সময় প্রার্থনা করেছি।" চট্টগ্রাম কর অঞ্চল-২ এর উপ কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা বাদি হয়ে ১৬ সেপ্টেম্বর মহানগর দায়রা জজ আদালতে মামলা দুটি দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, মীর নাছির ও মীর হেলাল এনবিআরে জমা দেওয়া তাদের আয়কর বিবরণীতে ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেছেন। এজন্য আয়কর ফাঁকি ও মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে জরুরি বিধিমালায় তাদের বিরুদ্ধে এ মামলা দুটি দায়ের করা হয়। মীর নাছির ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত ছয় বছরে ১৩ কোটি ৩৪ লাখ ৭৫ হাজার ৭৪২ টাকার আয় এবং ঢাকা, চট্টগ্রাম ও হাটহাজারীতে তার গ্রামের বাড়ি সম্পত্তির বিষয়টি গোপন করেন বলে মামলায় অভিযোগ করা হয়। মীর হেলালের বিরুদ্ধে অভিযোগ, এনবিআরে জমা দেওয়া হিসাবের বাইরে তার ৯ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ১০২ টাকা আয় এবং দুই কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৮৫ টাকার সম্পত্তি ও ঢাকায় দুটি প্লটের কথা তিনি গোপন করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অপর এক মামলায় এর আগে মীর নাছির ও তার ছেলেকে ১৩ বছর কারাদণ্ড দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭২৯ ঘ.