ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁওয়ে অস্বাভাবিক মৃত্যু হওয়া গৃহকর্মী আঁখির লাশ ময়না তদন্ত শেষে শুক্রবার তার পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আব্দুল হাই বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোরকে জানান, প্রাথমিক আলমত দেখে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে আসল কারণ জানা যাবে।
আব্দুল হাই বলেন, "প্রাথমিক আলামত দেখে আমরা আত্মহত্যা হিসেবে ধারণা করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়ে দিয়েছি। ময়না তদন্ত প্রতিবেদন দেখে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।"
আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংবাদদাতা জানান, ময়না তদন্ত শেষে শুক্রবার দুপুরে আঁখির (১৬) লাশ তার পরিবারের সদস্যরা নিয়ে গেছে। মৃত্যুর আগে আঁখি ধর্ষণের শিকার হয়েছিলো কিনা তা পরীক্ষার জন্য আলামত মহাখালী রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুর থানা পুলিশ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানায়, আঁখি ২৭২/খ/১/এ পশ্চিম আগারগাঁওয়ের হাজী আলী আকবরের বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করতো। সে নাটোরের লালপুর থানার আলম মণ্ডলের মেয়ে। আলী আকবর সস্ত্রীক দেড় মাসের জন্য তাবলিগে গেছেন। তার ছেলে সামিউল হক বৃহস্পতিবার সকালে অফিসে চলে যায়।
সামিউল অফিসে চলে যাওয়ার পর সকাল ১১ টার দিকে আলী আকবরের গ্রামের বাড়ি থেকে তার ভাতিজা জহুরুল মেম্বার এবং অপর এক ব্যক্তি বাসায় আসে। আঁখি দোকান থেকে ডিম নিয়ে এসে তাদের রান্না করে খাওয়ায়। পরে দুপুর দুইটার দিকে জহুরুল মেম্বার মোহাম্মদপুর থানায় টেলিফোন করে জানান, আঁখি আত্মহত্যা করেছে।
পরে উপ-পরিদর্শক আব্দুল হাই বিকেল পৌনে পাঁচটার দিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আঁখির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আলী আকবরের বাড়ির পাশের চায়ের দোকান মালিক মো. আলাউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আঁিখর আত্মহত্যা করার কোন কারণ নেই। আঁখি পাঁচ বছর বয়স থেকে ওই বাসায় কাজ করে। বাড়ির মালিক আলী আকবর ঈদের পর তার বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএসবি/জিএনএ/০০৩৮ ঘ.
bdnews24