যশোর, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোরে বৃহস্পতিবার দুটি সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ ৪ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। যশোর- কেশবপুর সড়কের বেজারিতলায় বাস- টেম্পুর মুখোমুখি সংঘর্ষ এবং যশোর-খুলনা মহাসড়কেন পদ্মবিলা এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।
যশোর সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক এটিএম জাহিদুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে যশোর- কেশবপুর সড়কের বেজারিতলা এলাকায় বাস- টেম্পুর মুখোমুখি সংঘর্ষে জহোরা বেগম (২৫) নিহত হয়েছেন। আহত হন ১০ টেম্পোযাত্রী। তাদের হাসপাতালে নেওয়ার পর শাহজাহান (৩০), নগর আলী (১২), ও অজ্ঞত পরিচয় এক শিশু (৪) মারা যায়।
মনিরামপুর থানার ওসি ফোরকান সিকদার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও টেম্পোটি উদ্ধার করেছে। তবে কাউকে আটক করা যায়নি।
এ ঘটনায় কোনো মামলা হয়নি বলেও তিনি জানান।
একই দিন যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে ৪০ জন আহত হয়েছেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মতিন জানান, আহতদের যশোর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমএসবি/০০২৭ ঘ.
bdnews24