২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করেছে একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা। বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত একঘণ্টা অবরোধের কারণে এলাকার আমতলী থেকে গুলশান পর্যন্ত রাস্তায় যানজট লেগে যায়। পরে পুলিশ ও র‌্যাবের হস্তক্ষেপে এবং কর্তৃপক্ষের আশ্বাসের পরিপেক্ষিতে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 02:02 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করেছে একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা। বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত একঘণ্টা অবরোধের কারণে এলাকার আমতলী থেকে গুলশান পর্যন্ত রাস্তায় যানজট লেগে যায়। পরে পুলিশ ও র‌্যাবের হস্তক্ষেপে এবং কর্তৃপক্ষের আশ্বাসের পরিপেক্ষিতে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়। মহাখালীর পোশাক তৈরির কারখানা জেমিনি গার্মেন্টস এর শ্রমিকরা সাংবাদিকদের জানান, তাদের আগস্ট মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। এ কারণে চলতি রমজানে তাদের অনেককে না খেয়ে রোজা রাখতে হচ্ছে। বেতন দিব-দিচ্ছি করে ঘুরাচ্ছে কর্তৃপক্ষ। এ কারণে শেষপর্যন্ত তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে মহাখালী ফ্লাইওভারের নীচে আমতলী থেকে গুলশান পর্যন্ত রাস্তার দুপাশে কয়েক শ' যানবাহন আটকা পড়ে। এখানকার যানজটের প্রভাব পড়ে মহাখালী রেলক্রসিং, বাসস্ট্যান্ড ও গুলশানের ভেতরের রাস্তাগুলোতে। পরে গুলশান থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সরিয়ে দেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমানের উপস্থিতিতে কর্তৃপক্ষের লিখিত অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা শান্ত হন। গার্মেন্টস কারখানাটির একজন অংশীদার বিপ্লব দাস আগামী রোববারের মধ্যে আগস্ট মাসের বেতন, ২৫ সেপ্টেম্বরের মধ্যে ওভারটাইমের টাকা এবং ১০ অক্টোবরের মধ্যে সেপ্টেম্বর মাসের বেতন ও আলোচনা সাপেক্ষে ঈদ বোনাস পরিশোধের লিখিত অঙ্গীকার করেন। ওই গার্মেন্টস কারখানার হেল্পার নাসিমা বেগম বললেন, "আমি সতেরশ টেহা বেতন পাই। বাড়িতে পঙ্গু স্বামী আর চারটা বাচ্চা আছে। মাসের ১০ তারিখের পর থেইকা ঘরে খাওন নাই। কোনও রকমে ধার- দেনা কইরা কয়দিন চলছি। তারপর শ্যাষে না পাইরা কয়দিন আগে আমি অফিসের এক অফিসাররে পঙ্গু স্বামীর কতা কইলাম। এরপর হ্যার কাছে বেতন চাইতেই হ্যায় কইলো পঙ্গু স্বামীর ঘর করস ক্যান। আমি কী হ্যার মতো ১৪ টা বিয়া বমু। প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে রাত ১০টা/১২ টা পর্যন্ত খাটায়া যদি সময়মতো বেতন না দেয় তবে আমরা চলুম কেমনে।" শ্রমিকদের অভিযোগ, এ প্রতিষ্ঠানটিতে ওভারটাইমের পুরো টাকা দেওয়া হয় না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মহিলা শ্রমিক অভিযোগ করেন, "এক হাজার টাকা ওভারটাইম হলে ৫শ' টাকা দিয়ে বলে আর নাই যা।" তবে কারখানার অংশীদার বিপ্লব দাস বললেন, " প্রতিমাসে সময়মতো বেতন দেওয়া হলেও এ মাসে একটু সমস্যা হয়েছে। তবে আমরা আগামী রোববারের মধ্যে শ্রমিকদের পাওনা মিটিয়ে দেব।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/এমএ/১৫২৩ঘ.ু