ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি ক্ষমতা আইনের মামলায় উচ্চ আদালত জামিনের আবেদন বিবেচনা করতে পারবে কিনা সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার তা জানাবে।
গত ২৪ এপ্রিল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এসএম এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চ ঘোষণা দেয়, জরুরি ক্ষমতা আইনের মামলায় হাইকোর্ট জামিন আবেদন বিবেচনা করতে পারবে। সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করলে বুধবার ওই আপিল আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় দেওয়ার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
সরকার পক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ। অন্যপক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক ও অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।
২১ মার্চ জরুরি ক্ষমতা আইনের দ্বিতীয় সংশোধনীতে জামিনের ওপর কড়াকড়ি আরোপ করা হয়। এরপর মাইজুদ্দিন নামের এক ব্যক্তি ভেজাল তেল সরবরাহের অভিযোগে দায়ের করা জরুরি আইনের একটি মামলায় জামিনের আবেদন করলে হাইকোর্ট জামিনের আবেদন বিবেচনা করতে পারবে কিনা তা নিয়ে দীর্ঘ শুনানি হয়। শীর্ষ আইনজীবীদের মতামত নেওয়ার হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করে।
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে মদ রাখার অভিযোগের মামলায় জামিন দেওয়া হবে কিনা সে বিষয়েও বৃহস্পতিবার সিদ্ধান্ত দেবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।
এর আগে গত ১৯ আগস্ট হাইকোর্ট এই মামলায় মওদুদ আহমদের জামিন মঞ্জুর করে। কিন্তু সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। গত ১২ সেপ্টেম্বর হাইকোর্ট ব্যারিস্টার মওদুদের আটকাদেশ অবৈধ ঘোষণা করে। হাইকোর্টের ওই আদেশ স্থগিতের জন্যও সরকার আপিল বিভাগে আবেদন জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএ/২০৩০ ঘ.
bdnews24