ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই দেশের অন্যতম প্রধান জাতীয় দৈনিক আজকের কাগজ বুধবার সকালে বন্ধ ঘোষণা করা হয়েছে। পত্রিকাটির কর্তৃপক্ষ এর কারণ হিসেবে আর্থিক সংকটের কথা বলছে।
স্বৈরশাসক এরশাদের পতন-পরবর্তী উন্মুক্ত পরিবেশে ১৯৯১ সালে যাত্রা শুরু করা এ পত্রিকাটি আঙ্গিক ও দৃষ্টিভঙ্গির দিক দিয়ে নতুন একটি ধারার সূচনা করার পর ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছিল। এর বর্তমান সম্পাদক ও প্রকাশক কাজী শাহেদ আহমেদ। (আরো তথ্যসহ -২)
পত্রিকাটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের কাগজ কর্তৃপক্ষ অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, পত্রিকাটির অত্র প্রতিষ্ঠানের আর্থিক সংকটের কারণে প্রকাশনা অব্যাহত রাখতে পারছে না।
আজকের কাগজের বার্তা ও বাণিজ্যিক অফিস ধানমণ্ডির সাত মসজিদ সড়কের 'মিনা হাউজে'। সাংবাদিক -কর্মচারিরা বুধবার সকালে কর্মস্থলে এসে জানতে পারেন, পত্রিকাটির প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে সবার মধ্যে নেমে আসে শোকের ছায়া।
আকস্মিকভাবে পত্রিকাটির প্রকাশনা বন্ধ ঘোষণা করায় প্রধান কার্যালয়ে ও সারাদেশে সাড়ে পাঁচশ সাংবাদিক ও সংবাদকর্মী বেকারত্বের হুমকির মধ্যে পড়ছেন।
কর্তৃপক্ষের দেয়া বুধবারের বিবৃতিতে আরো বলা হয়, "আজকের কাগজ কর্তৃপক্ষ ও সকল সদস্য ১৯৯১ সাল থেকে এ যাবৎ প্রকাশকালে তার সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞ।"
আজকের কাগজ কর্তৃপক্ষ সকল সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারির প্রাপ্য পাওনা পরিশোধের জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করছে বলেও এতে উল্লেখ করা হয়।
বুধবার দুপুরে পত্রিকাটির বার্তাকক্ষে ছিল অন্যরকম ব্যস্ততা। দীর্ঘদিনের কর্মস্থল থেকে সবাই যে যার ব্যক্তিগত জিনিসপত্র ও কম্পিউটারে রাখা নিজের করা সংবাদ কাহিনী বা ছবিগুলো সিডি ও পেনড্রাইভে সংগ্রহ করতে ব্যস্ত ছিলেন।
পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক কাজী ফারুকুল হাসান ও সহযোগী সম্পাদক আবু বকর চৌধুরী দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কাজী ফারুকুল হাসান বলেন, "শুধুমাত্র আর্থিক সংকটের কারণেই পত্রিকা বন্ধ করে দিতে হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর রোববার থেকে সাংবাদিকসহ সকল কর্মীর পাওনা পরিশোধ শুরু হবে। প্রত্যেক কর্মী চলতি মাসের বেতন, ঈদবোনাসসহ যে যতো বছর কাজ করেছেন ততো মাসের বেতন এবং সে হিসেবে প্রাপ্য গ্র্যাচুইটি পাবেন।"
ফারুকুল হাসান জানান, পত্রিকাটির সাত মসজিদ রোডের প্রধান কার্যালয়ে এখন সাংবাদিক ও কর্মীসহ আড়াইশ'জন কাজ করছেন। এছাড়া সারাদেশে তিনশ' প্রতিনিধি ও সাতটি ব্যুরো অফিস রয়েছে।
একাধিক সাংবাদিক জানান, মঙ্গলবার সকাল ১১টায় একটি জরুরি সভা ডাকা হয়। সভায় আসার পর সম্পাদক কাজী শাহেদ আহমেদ পত্রিকা বন্ধের ঘোষণা দেন। এসময় সম্পাদক নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন।
সম্পাদক কাজী শাহেদ আহমেদ, নির্বাহী সম্পাদক ও সম্পাদকপুত্র কাজী নাবিল আহমেদ, কাজী আনিস আহমেদ ও কাজী এনাম আহমেদ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন বলে সাংবাদিকরা জানান।
উল্লেখ্য, গত ২০০৬ সাল থেকে পত্রিকাটি সম্পাদক কাজী শাহেদের মালিকানাধীন জেমকন কর্পোরেট গ্র"পের অন্তর্ভূক্ত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/ইএইচডি/জিএমএ/এসকে/১৫২৪ ঘ.
bdnews24