ঝিনাইদহ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হরিণাকুণ্ডু উপজেলার তেলটুপি গ্রামে কুমার নদীর তীর থেকে বুধবার সকালে আশাদুল ইসলাম আশা (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়।
জেলা পুলিশ সুপার আবুল খায়ের জানান, চরমপন্থী দলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আশাকে দুই মাস আগে কুষ্টিয়া শহর থেকে পুলিশ গ্রেপ্তার করে। কয়েকদিন আগে সে জামিনে ছাড়া পায়।
তিনি জানান, মঙ্গলবার রাতে অপরিচিত কয়েকজন লোক আশাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে তার শাশুড়ি জানিয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
আশার বাড়ি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশের ঝাউদিয়া গ্রামে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৫ ঘ.
bdnews24