বগুড়া, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের ওয়ানদীঘির আদর্শ পাড়ায় রোববার রাতে গ্রাম্য সালিশে এক নারীর চুল কেটে ও জরিমানা করে পরিবারসহ বসতবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। ঘটনার পর তার বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়।
হালিমা বেগম নামের পঞ্চাশোর্ধ ওই নারীর বিরুদ্ধে অনৈতিক কাজ করার অভিযোগ এনে প্রহসনমূলক সালিশ করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
সোমবার হালিমার স্বামী সায়েত আলী আদমদীঘি থানায় একটি মামলা দায়েরের পর পুলিশ রায়হান ও ভূলু নামে দুজনকে গ্রেপ্তার করে।
হালিমা বেগম মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে আদর্শগ্রাম কমিটির সভাপতি আব্দুর রশীদ ও সাধারণ সম্পাদক হাবিবর রহমানের নেতৃত্বে ৩০/৪০ জনের একটি দল বাড়িতে আসে। অনৈতিক কার্যকলাপের অভিযোগ এনে পরে তারা স্বামীসহ তাকে আদর্শ গ্রাম কমিটি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে গভীর রাত পর্যন্ত চলা সালিশে হালিমা ও তার স্বামীকে ৫০টি বেত্রাঘাত, নগদ চার হাজার টাকা জরিমানা ও হালিমার মাথার অর্ধেক চুল কেটে দেওয়া হয়।
সালিশের পর হালিমার পরিবারকে বসত বাড়ি থেকে উচ্ছেদ করে সেটি গুড়িয়ে দেওয়া হয়। হালিমা জানান, এখন তারা গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে পরিত্যাক্ত একটি চাতালের বারান্দায় থাকছেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ঘটনার পরপরই কয়েক দফা ওই গ্রামে অভিযান চালানো হয়েছে। রায়হান ও ভূলু নামে দুই ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিদের গ্রেপ্তারেও তৎপরতা চালাচ্ছে পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/
bdnews24