ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সুপ্রিম কোর্ট রোববার বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর একেএম মহিউদ্দিন আহমেদের লিভ টু আপিলের বিলম্ব মওকুফ করে দিয়েছে।
বিচারপতি তাফাজ্জল ইসলামের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ মহিউদ্দিনের আবেদন মঞ্জুর করেন এবং লিভ টু আপিল দায়ের করার জন্য আট বছর সাত মাস ১৬ দিনের বিলম্ব মওকুফ করে দেয়।
মহিউদ্দিন রোববার তাৎক্ষণিকভাবে কোর্টে লিভ টু আপিল দায়ের করেন। তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ-আল-মামুন তার পক্ষে যুক্তি উপস্থ্পান করেন এবং লিভ টু আপিল শেষ করেন।
এর আগে অপর চারজন অভিযুক্তের পক্ষেও তাদের আইনজীবীরা যুক্তি তর্ক করেন।
সরকার পক্ষের বিশেষ কৌসুলি অ্যাডভোকেট আনিসুুল হকের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ আগামী মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন।
ব্যারিস্টার মামুন আদালতে বলেন, মেজর মহিউদ্দিন ১৬ জুন যুক্তরাষ্ট্র থেকে আসার আগে পর্যন্ত এ মামলার কথা জনতেন না।
তিনি আরও বলেন, মেজর মহিউদ্দিন শেখ মুজিবুর রহমানকে হত্যা করেননি এবং এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতও ছিলেন না।
ব্যারিস্টার মামুন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট হয়েছিল বিপ্লব, এটাকে হত্যাকান্ড বলা যাবে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/ডিডি/জিএনএ/২০৪৫ ঘ.
bdnews24