ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন ও পরিবেশ উপদেষ্টা সি এস করিম বলেছেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস ব্যবহার বন্ধের ক্ষেত্রে বাড়তি সময় পেলেও নিজেদের স্বার্থেই এসব গ্যাসের ব্যবহার বন্ধ করা জরুরি।
রোববার আন্তর্জাতিক ওযোন দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে উপদেষ্টা এ কথা বলেন। বিয়াম মিলনায়তনে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এবারের আন্তর্জাতিক ওজোন দিবসে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি প্রতিপাদ্য নির্ধারণ করেছে "মন্ট্রিল প্রটোকলের অগ্রগতির ২০ বছর।"
১৯৮৭ সালের এই দিনে ওজোন স্তর রক্ষার উদ্দেশ্যে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও বিজ্ঞানীদের তৎপরতায় বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা ক্যানাডার মন্ট্রিল শহরে ওযোন স্তর রক্ষা সংক্রান্ত 'মন্ট্রিল প্রটোকল' এ স্বাক্ষর করেন। এবার সেই চুক্তির ২০ বছর পূর্ণ হলো।
বাংলাদেশ ১৯৯০ সালে মন্ট্রিল প্রটোকলে স্বাক্ষর করে। প্রটোকলের শর্ত অনুযায়ী বাংলাদেশে ওজোন স্তর ক্ষয়কারী দ্রব্য সিএফসি-১১ ও সিএফসি-১২ আমদানি ও ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ করা হচ্ছে। ১৯৯৯ সালের ১ জুলাই থেকে সিএফসি গ্যাস ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয় যেন ২০০৫ সালের মধ্যে ৫০ শতাংশ এবং ২০০৭ সালের মধ্যে ৮৫ শতাংশ কমিয়ে আনা যায়। চুক্তি অনুযায়ী ২০১০ সালের মধ্যে দুই ধরনের সিএফসি ও কার্বনটেট্রাক্লোরাইডের ব্যবহার শূণ্যের কোটায় নামিয়ে আনতে হবে।
ভূ-পৃষ্ঠের উপরিভাগে ১০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার বিস্তৃত উচ্চতায় সামগ্রিক স্ট্রাটোস্ফিয়ারকে ওজোন স্তর বলা হয়। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি থেকে আমাদের রক্ষা করে। এই রশ্মির মাত্রাতিরিক্ত উপস্থিতি মানুষের স্বাস্থ্য, প্রাণী, উদ্ভিদ, অনুজীব ও বায়ুর গুণগত মানের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তারে সক্ষম।
সেমিনারে পরিবেশ উপদেষ্টা বলেন, "ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস নিষিদ্ধ করলে জাতীয় উন্নয়ন ব্যাহত কিংবা নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আমাদের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে। সিএফসি শুধু ওযোন স্তর ধ্বংস করে না, বিশ্বের তাপমাত্রাও বৃদ্ধি করে। এজন্য উন্নত দেশের তুলনায় আমাদের দায় কম হলেও তাপমাত্রা বৃদ্ধির ফলে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের তালিকায় থাকবে।"
তিনি বলেন, "বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তন হলে বাংলাদেশের ১৭ ভাগ ভূমি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থা এড়াতে ও তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে আমাদের কার্যকর ভূমিকা নিতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে সোচ্চার হতে হবে।"
বাংলাদেশে হিমায়িতকরণ যন্ত্র, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ইনহেলার ও ওষুধ শিল্পে মূলত ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস ব্যবহার করা হয়। বাংলাদেশের মতো অন্য যেসব উন্নয়নশীল দেশে বার্ষিক জনপ্রতি দশমিক ৩ গ্রামের কম ওজোন ক্ষয়কারী বস্তু ব্যবহার করা হচ্ছে সেসব দেশ পাঁচটি ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস ১০ বছর অতিরিক্ত ব্যবহারের সুযোগ পাবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এ এইচ এম রেজাউল কবির চুক্তি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন। এ ব্যাপারে ২০০৫ সালে পরিবেশ আইনের অধীনে ওজোন স্তর ক্ষয়কারী দ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৪ জারি করেছে সরকার।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাশিদুল হক বলেন, এ ব্যাপারে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে আশা করা যায় চুক্তি অনুযায়ী এসব দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ সম্ভব হবে। ১৯৯৭ সালে সর্বোচ্চ ১০১৪ দশমিক ১৪ মেট্রিকটন ওজোন স্তর ক্ষয়কারী দ্রব্য ব্যবহার করা হয়েছিল যা ২০০৬ সালে কমে ৫৬৬ মেট্রিকটনে দাঁড়ায়।
সেমিনার শেষে উপদেষ্টা ওজোন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/টিএইচ/এমএ/১৮৪৫ ঘ.
bdnews24