২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চকের ইফতার বাজারে ছিল সেই চিরচেনা ভিড়

রমজানের প্রথম ইফতারির আয়োজনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে তাদের বিচিত্র খাদ্যসামগ্রীর পশরা নিয়ে বসেছিলেন বিক্রেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2007, 01:35 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রমজানের প্রথম ইফতারির আয়োজনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে তাদের বিচিত্র খাদ্যসামগ্রীর পশরা নিয়ে বসেছিলেন বিক্রেতারা। পেয়াজু, ভুনা ছোলা,শাহী হালিম ছাড়াও শাহী জিলাপী নবাবী পরাটা, কিমা পরাটা, চিকেন ফ্রাই, সুতি কাবাব, জালি কাবাব, "বড় বাপের পোলায় খায়" (মুরগির রোস্ট, মিষ্টি ও নানা মসলাসহ ২০০ প্রকার পদের বিশেষ আয়োজন) ইত্যাদি বিচিত্র নামের ইফতারি সামগ্রির বিশাল সম্ভার নিয়ে বসেছিল পুরনো ঢাকার ঐতিহ্যবাহী বাজার। রোজার প্রথম দিন বলে শুক্রবার বিকেলে ভিড় ছিল ব্যাপক। কষ্ট করে ভিড় ঠেলে হলেও উৎসাহ নিয়ে সামর্থ্যমত ইফতার কিনেছেন রোজাদাররা। রাজধানী ঢাকার সর্বত্র ইফতারি বিক্রি হয়েছে। তবে প্রতিবছরের মতো এবার রাস্তার পাশে খোলা জায়গায় ইফতারি বিক্রিতে সরকারি নিষেধাজ্ঞা থাকায় এবার সেই চিত্র তেমনটি দেখা যায়নি। তবে রাজধানী প্রায় সব হোটেল ও রেস্তোরাঁয় ইফতারির প্যাকেট ও খুচরা বিক্রি হয়েছে। ফলের দোকানগুলোতে ভিড় দেখা গেছে। বিশেষ করে পাঁকা পেঁপে ও কলার কদর ছিল বেশি। বেগুনের দাম চড়া হওয়ায় সাধারণভাবে জনপ্রিয় সামগ্রী বেগুনির দামও ছিল চড়া। তবে প্রথমদিনে ক্রেতাদের আগ্রহ বেগুনির প্রতি কম ছিল । একটি বেগুনি ২ থেকে ৪ টাকায় বিক্রি হয়েছে। চকবাজারের একজন বিক্রেতা আশরাফ উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইফতারির বিক্রি ভাল। সব জিনিসের দাম বেশি হওয়ায় গতবারের তুলনায় এবার ইফতারি সামগ্রির দামও কিছুটা বেশি। তবে আমরা চেষ্টা করেছি রোজাদাররা যাতে সবাই ইফতারি কিনতে পারেন, সেভাবে মূল্য তালিকা সাজাতে।'' অন্যান্য সাধারণ ইফতারি সামগ্রির মধ্যে পেঁয়াজু প্রতিটি ৩টাকা, ছোলা ৫০ গ্রাম ১২ টাকা এবং শাহী হালিম এক বাটি ২৭ টাকায় বিক্রি হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৮২৫ ঘ.