ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি বাড়ছে ঢাকা ও এর আশপাশের নদ-নদীতে। কালিগঙ্গা ও ধলেশ্বরী বইছে বিপদ সীমার ওপর দিয়ে। বাড়ছে তুরাগ, বুড়িগঙ্গা, বালু ও শীতলক্ষ্যা নদীর পানিও। আগামী ৪৮ ঘণ্টায় মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
কেন্দ্রের তথ্য অনুসারে, শুক্রবার সকাল ৬টায় ২১টি পয়েন্টে ১৪টি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছিল। দেশের নদ-নদীর মধ্যে ২৮টি পয়েন্টে পানি বেড়েছে, কমেছে ৩১টি পয়েন্টে।
তারাঘাটে কালিগঙ্গা নদীর পানি ২২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলেশ্বরী নদীর পানি জাগীর ও রেকাবী বাজার পয়েন্টে যথাক্রমে ১৫ ও ৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২২ ও ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে চলছে।
সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের নদীগুলোর পানি কমছে। সিলেট ও সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি যথাক্রমে ৫ ও ১১ সেন্টিমিটার কমেছে। তবে সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি ২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৭২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। কুশিয়ারা নদীর পানি অমলসিদ ও শেওলা পয়েন্টে ৭ ও ২ সেন্টিমিটার কমেছে।
মেঘনা নদীর পানি ভৈরব বাজার পয়েন্টে ৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও আড়িচা পয়েন্টে ৪ ও ৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৯৬ ও ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। তবে বাহাদুরাবাদ পয়েন্টে ২ সেন্টিমিটার কমেছে।
গঙ্গা অববাহিকায় গঙ্গা নদীর পানি পাংখা পয়েন্টে ৫ সেন্টিমিটার বেড়েছে। গোয়ালান্দ ও ভাগ্যকুল পয়েন্টে পদ্মা নদীর পানি ৭ ও ৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১০৩ ও ৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গৌরি নদীর পানি কুমারখালী পয়েন্টে ১১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে এবং ঝিকরগাছা পয়েন্টে কপোতাক্ষ নদীর পানি ৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।
আমাদের রাজবাড়ী প্রতিনিধি জানান, দৌলতদিয়া ও গোলালন্দ বাজার রেলওয়ে স্টেশনের মাঝে রেললাইনে পানি উঠে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে এ দুটি স্টেশনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দৌলতদিয়া ২ নম্বর ফেরিঘাটের পন্টুনের সংযোগ সড়কে পানি ওঠায় যানবাহন ওঠানামা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ঘাট উঁচু করার ব্যবস্থা নিয়েছে বিআইডব্লি
bdnews24