ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের বিভিন্ন স্থানে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এ অনুযায়ী আগামীকাল শুক্রবার থেকে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখতে শুরু করবেন।
তথ্য অধিদপ্তরের বার্তা কক্ষের সহকারী তথ্য কর্মকর্তা (এআইও) রবীন্দ্রনাথ রায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ বিষয়ে নিশ্চিত হয়ে সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটায় ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ও কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) ডা.এসএম মতিউর রহমান।
ধর্ম সচিব আতাউর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ কমিটির সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
ইসলাম ধর্মের বিশ্বাস মতে, পবিত্র রমজান মাসে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন নাজিল হয়েছিল। মুসলমানেরা পুরো রমজান মাস সিয়াম বা সংযম সাধনা করে আত্মশুদ্ধি ও পূণ্যার্জনের চেষ্টা করেন। ইসলামের প্রধান পাঁচটি স্তম্ভের অন্যতম রোজা বা সিয়াম সাধনা। ু
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএ১৯১৪ঘ.
bdnews24