ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-অ্যাটর্নি জেনারেল, সরকারি কৌঁসুলিসহ সরকারের পক্ষে আইনি কার্যক্রমে অংশ নেওয়া অ্যাডভোকেটদের একটি সার্ভিস কাঠামোর আওতায় আনার জন্য প্রণীত খসড়া অধ্যাদেশ পর্যালোচনা করেছে উপদেষ্টা পরিষদ।
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তার কার্যালয়ে বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে 'সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ, ২০০৭' খসড়াটি উপস্থাপন করা হয়।
সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, বৈঠকে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে জেলা পর্যায়ের সরকারি আইনজীবীদের চাকরি নিয়মিত নয় এবং তারা কোন সার্ভিস ক্যাডারের অন্তর্ভুক্তও নন। কর্মক্ষেত্রে নিরপেক্ষতা, দক্ষতা ও পেশাাদারিত্ব নিশ্চিত করতে তাদের সুনির্দিষ্ট চাকরি কাঠামোর আওতায় আনা প্রয়োজন।
উপদেষ্টা পরিষদ অর্থ ও সংস্থাপন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে খসড়াটি আরও পরীক্ষানিরীক্ষা ও পর্যালোচনা করে পুনরায় উপস্থাপনের জন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
এছাড়া বৈঠকে চট্টগ্রাম বন্দরকে দক্ষ ও আধুনিক বন্দর হিসেবে গড়ে তোলার বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে চট্টগ্রাম বন্দরের দক্ষতা এবং উৎপাদনশীলতা বহুলাংশে বেড়েছে। ইতিমধ্যে বন্দর কর্তৃপক্ষের আয় বেড়েছে শতকরা ১২ ভাগ, বন্দর ব্যবহারের খরচ কমেছে শতকরা ৭০ ভাগ এবং কার্গো পরিচালনার দক্ষতা বেড়েছে শতকরা ৩০ ভাগ।
দেশের আমদানি-রপ্তানির প্রায় ৯২ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে সম্পন্ন হয় এবং এ বন্দরে বর্তমানে কোন ট্রেড ইউনিয়ন কার্যক্রম নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমএইচবি/২৩৫৪ ঘ.
bdnews24