ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসা (এমআরভি) চালুর প্রক্রিয়া এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবার শুরু হতে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে বাধ্যবাধকতা থাকায় ২০১০ সালে মধ্যেই এমআরপি ও এমআরভি চালু করতে চায় সরকার।
স্বরাষ্ট্র সচিব মো. আব্দুল করিম মঙ্গলবার সকালে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমআরপি প্রবর্তন করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এব্যাপারে পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোহসীন বলেন, " ইন্টারন্যাশনাল অরগাইনাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর দুজন কনসালট্যান্ট বাংলাদেশে এমআরপি ও এমআরভি চালু করার জন্য প্রায় দু মাস ধরে কাজ করে চলেছেন। বৃহস্পতিবার কনসালট্যান্টদের সঙ্গে আমাদের বৈঠক হওয়ার কথা। এরপরই এমআরপি প্রবর্তনে সুনির্দিষ্টভাবে একটি পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব হবে বলে আমি আশা করছি।"
মোহম্মদ মোহসীন আরও জানান, ২০১০ সালের পর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশেই এমআরপি ছাড়া প্রবেশ করা যাবে না। এ বিষয়টি সামনে রেখেই এমআরপি ও এমআরভি চালু করার কাজ শুরু করেছে সরকার।
বর্তমানে বাংলাদেশী পাসপোর্টের সংখ্যা ৮০ লাখেরও বেশি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র ও ইসিভুক্ত দেশগুলো বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এমআরপি ও এমআরভি চালুর তাগাদা দেয়। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ দমনের অংশ হিসেবে তারা এ আহ্বান জানায়।
বিএনপি নেতৃত্বাধীন বিগত জোট সরকার যুক্তরাষ্ট্র ও ইসির আহ্বানে সাড়া দিয়ে ২০০২ সালের মাঝামাঝিতে এমআরপি ও এমআরভি চালুর সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে একটি সুপারিশ প্রণয়নের জন্য ২০০৪ সালের ২৪ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এছাড়া একজন সিনিয়র আইটি কনসালট্যান্টও নিয়োগ দেওয়া হয়।
এমআরপি, এমআরভি ও মেশিন রিডেবল ন্যাশনাল আইডেন্টিটি (এমআরএনআইডি) প্রকল্পের কাজ দেখতে বাংলাদেশের একটি বিশেষজ্ঞ দল কানাডা, মেক্সিকো, মালয়শিয়া, সিঙ্গাপুর ও মালদ্বীপ সফর করে।
পরে ওই প্রকল্পের জন্য গঠিত কমিটি সব দিক বিবেচনা করে তিনটি বিষয় নিয়ে একটি প্যাকেজ আকারে প্রকল্প তৈরি করে এবং দুই ধাপে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে । প্রথম পর্যায়ে ৩৪টি কোম্পানি এতে অংশ নিলেও মাত্র ৪টি কোম্পানি এ ধাপে উত্তীর্ণ হয়।
দ্বিতীয় পর্যায়ে এই চারটি কোম্পানির মধ্যে দুটি চূড়ান্ত দরপত্রে অংশ নেয়। যাচাইবাছাই শেষে সব দিক থেকে যোগ্য প্রতিষ্ঠানের দরপত্র বিবেচনার জন্য ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হয়।
২০০৬ সালে ১৭ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এমআরএনআইডি বাদ দিয়ে নতুন করে প্রস্তাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই এ প্রকল্প বাস্তবায়নের কাজ থেমে যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রটি জানায়, জোট সরকার অপরিকল্পিতভাবে প্রকল্পটি হাতে নেওয়ায় সরকারে গুরুত্বপূর্ণ জনবল নিজেদের নির্ধারিত কাজ বাদ দিয়ে দীর্ঘ সময় লেগে থাকার পরও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পাশাপাশি এ কাজে বিপুল পরিমাণ অর্থও খরচ হয়েছে।
সূত্রটি আরও জানায়, এমআরপি ও এমআরভি নিয়ে এ পর্যন্ত যে সব কাজ হয়েছে তা আরও খতিয়ে দেখার পরই নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে যাতে আর পুরনো ভুলের পুনরাবৃত্তি না ঘটে।
এমআরপি এবং এমআরভি চালু হলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা আরো বাড়বে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নেও এটি সহায়ক হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ইএইচবি-এএইচডি/এমএসবি/এমএইচবি/২১৪৪ ঘ.
bdnews24