চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ড্রাইডকে মেরামতকালে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) তেলবাহী জাহাজ বাংলার সৌরভে মঙ্গলবার আগুন ধরে যায়। তবে আধ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল কর্মীরা। ফলে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
জাহাজটি মেরামতকারী প্রতিষ্ঠান কর্ণফুলী শিপইয়ার্ডের প্রকৌশলী এম এ রশীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ড্রাইডকে জাহাজটি মেরামতে ওয়েল্ডিংয়ের সময় আগুন ধরে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সাতটি গাড়ি গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
২০০৬ সালের সেপ্টেম্বরে তেলবাহী ট্যাংকার বাংলার সৌরভে আগুন লাগলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর পর জাহাজটি মেরামতের কাজ পায় কর্ণফুলী শিপইয়ার্ড কর্তৃপক্ষ।
এম এ রশীদ জানান, গত ১২ আগস্ট বাংলার সৌরভের মেরামতের মূল কাজ শেষ করে কর্ণফুলী শিপইয়ার্ড। এখন ডকইয়ার্ডে বিএসসি জাহাজটির আরও কিছু মেরামতের কাজ করছে। বিএসসির কাজ শেষ হলে ট্রায়ালের পর তা হস্তান্তর করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮৫৪ ঘ.
bdnews24