ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ নাসিমের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার কার্যক্রম দুই সপ্তাহ স্থগিত করেছে হাইকোর্ট।
নাসিমের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সেমাবার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হকের বেঞ্চ মামলা স্থগিতের এ আদেশ দেন।
২০০২ সালের ৮ জানুয়ারি তখনকার দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা মো. আবদুল হাই রমনা থানায় মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, তিন লাখ ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন প্রকল্পের কাজ ওয়ার্ল্ডটেল লিমিটেডকে পাইয়ে দিতে কোনো টেন্ডার ছাড়াই কনসোসিয়েটস নামের প্রতিষ্ঠানকে কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয়।এ প্রতিষ্ঠান তৎকালীন টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৌখিক নির্দেশে ১২ লাখ ২২ হাজার দুশ টাকা পেয়েছিল।
২০০২ সালের ১৩ জুন মোহাম্মদ নাসিমের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর চলতি বছরের ১৯ জুন সংসদ ভবনের বিশেষ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
গত ২২ আগস্ট মামলার ৬ নং সাক্ষী সাবেক টেলিযোগাযোগ সচিব নাজমূল আহসানের সাক্ষ্যগ্রহণ ও জেরা করা হয়। তাকে আবার জেরা করতে নাসিমের পক্ষ থেকে আবেদন জানানো হলে আদালত তা নামঞ্জুর করে।
বিশেষ আদালতের এই আদেশের বিরুদ্ধে নাসিম হাইকোর্টে আবেদন দায়ের করেন। আদালত সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে মামলায় ৬ নং সাক্ষীকে আবার জেরা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা আগামী এক সপ্তাহের সরকারকে জানাতে বলেছে। এছাড়া হাইকোর্ট মোহাম্মদ নাসিমের বিরুদ্ধে বিশেষ আদালতে এ মামলার বিচার কার্যক্রম দুই সপ্তাহ স্থগিত ঘোষণা করে।
নাসিমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইনায়েতুর রহিম। তাকে সহায়তা দেন অ্যাডভোকেট ওবায়দুর রহমান শাহীন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/ ২০০৭ ঘ.
bdnews24