ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুই কোটি ১৪ লাখ ৯২ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে সাবেক বিদ্যুত সচিব আ ন হ আখতার হোসেন ও তার স্ত্রী নাজনীন বানুর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে বলা হয়, আখতারের স্ত্রী নাজনীন বানু দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে এক কোটি ২৫ লাখ ২০ হাজার টাকা উপহার পেয়েছেন বলে জানান। অথচ তদন্তের সময় তারা কেউই উপহার দেওয়া ব্যক্তিদের নাম বলতে পারেননি।
এছাড়া, জমা দেওয়া সম্পদ বিবরণীতে আ ন হ আখতার উত্তরায় স্ত্রীর নামে করা বাড়ির দাম ৮৯ লাখ ৭২ হাজার ৮৯৫ টাকা কম দেখান বলে অভিযোগ করেছে দুদুক।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে গত ৩১ মে উত্তরা থানায় দুদকের সহকারী পরিচালক মুহম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে আখতার দম্পতির বিরুদ্ধে মামলা করেন। ৫ জুন সৈয়দ ইকবালকে এ মামলার তদন্তভার দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এসএনডি/২১৩১ ঘ.
bdnews24