ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চারদলীয় জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী ফজলুল রহমান পটলের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। রায়ে অন্য কোনো মামলা না থাকলে অবিলম্বে তাকে মুক্তি দিতে বলা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরও একটি মামলা থাকায় তিনি আপাতত মুক্তি পাচ্ছেন না।
বৃহস্পতিবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ফজলুল রহমানের পটলের আত্মীয় হারুন অর রশিদের দায়ের করা রিট আবেদনের উপর চূড়ান্ত শুনানি শেষে পটলের আটকাদেশ অবৈধ ঘোষণা করে রায় দেওয়া হয়।
তবে পটলের আইনজীবী জানিয়েছেন, তার বিরুদ্ধে আরো একটি ফৌজদারি মামলা থাকায় তিনি আপাতত মুক্তি পাচ্ছেন না।
গত ২৯ মে বিএনপির এই নেতাকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। বিশেষ ক্ষমতা আইনে ৩১ মে তাকে এক মাসের আটকাদেশ দেওয়া হয়। পরে এই আটকাদেশের মেয়াদ আরও বাড়ানো হয়।
ফজলুর রহমান পটলের পক্ষে হাইকোর্টে রিট আবেদনের ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে সরকার পক্ষে ছিলেন সৈয়দা আফসার জাহান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমএ/১৪৩৫ঘ.
bdnews24