২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান এফ রহমান ও গিয়াসউদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা

আওয়ামী লীগ সভানেত্রীর উপেদষ্টা ব্যবসায়ী সালমান এফ রহমান ও নারায়ণগঞ্জের বিএনপি দলীয় সাবেক সাংসদ মোহাম্মদ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 05:34 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগ সভানেত্রীর উপেদষ্টা ব্যবসায়ী সালমান এফ রহমান ও নারায়ণগঞ্জের বিএনপি দলীয় সাবেক সাংসদ মোহাম্মদ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম মতিঝিল থানায় সালমান এফ রহমানসহ ছয় জনের বিরুদ্ধে এবং সহকারী পরিচালক মো. খায়রুল হুদা রমনা থানায় গিয়াস উদ্দিন ও তার স্ত্রী-পুত্রসহ চারজনের বিরুদ্ধে এ দুটি মামলা করেন। আইএফআইসি ব্যাংক লি. এর সাবেক পরিচালক ও বেক্সিমকো হোল্ডিংস লিমিটেডের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে করা মামলায় তার ভাই সোহেল এফ রহমান, আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউল হক, একই ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক আসহাফ-উদ-দৌলা, বেক্সিমকো হোল্ডিংস এর দুই পরিচালক ইকবাল আহম্মেদ ও এম এ কাশেমকেও আসামি করা হয়েছে। মামলার এজাহারের বরাত দিয়ে মতিঝিল থানার সহকারী উপ পরিদর্শক মোসলেম উদ্দিন জানান, অভিযুক্তরা ২০০০ সালে আইএফআইসি ব্যাংকের ১৫৮ কোটি ৬৭ লাখ টাকা ভুয়া বন্ধক দেখিয়ে ঋণ পুনতফশিলের মাধ্যমে আত্মসাৎ করেন। এর মাধ্যমে তারা বিশ্বাস ও আইন ভঙ্গ করেছেন। এদিকে সাবেক সাংসদ মোহাম্মদ গিয়াস উদ্দিন, তার দুই স্ত্রী ও এক ছেলের বিরুদ্ধে ২০ কোটি ৮০ লাখ ৪১ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং ১৪ কোটি ৩৫ লাখ ৯৯ হাজার টাকার সম্পদের উৎস গোপনের অভিযোগে একটি মামলা হয়েছে। রমনা থানার উপ পরিদর্শক গোলাম আকতার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক খায়রুল হুদা মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, গিয়াস উদ্দিন, তার দুই স্ত্রী রেশমা বেগম ও তোহফিজা বেগম এবং ছেলে গোলাম মোহাম্মদ ফয়ালের নামে আয়কর নথিতে ১৪ কোটি ৯১ লাখ ৬২ হাজার টাকার সম্পদ দেখানো হয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, তাদের মালিকানায় মোট ৩৫ কোটি ৭২ লাখ তিন হাজার টাকার সম্পদ রয়েছে। সেই হিসাবে, তারা ২০ কোটি ৮০ লাখ ৪১ হাজার টাকার তথ্য গোপন করেছেন। এছাড়া, কমিশনে সম্পত্তির যে বিবরণী তারা দিয়েছেন তাতে ১৪ কোটি ৩৫ লাখ ৯৯ হাজার টাকার সম্পদের উৎস গোপন রাখা হয়েছে। মামলায় গিয়স উদ্দিনের দুই স্ত্রী ও ছেলের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআইএম/জেকে/২৩১৯ ঘ.