ফেনী, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে একটি বাস পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বাসটির সঙ্গে একটি টেম্পুর সংঘর্ষের পরপরই এ ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় তিন স্কুল শিক্ষার্থীসহ ছয় জন আহত হন।
ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক রাস্তার মাথায় বাখরাবাদ গ্যাস অফিসের সামনে ফেনী থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টেম্পুর সংঘর্ষ হয়।
এতে টেম্পুটি উল্টে বেশ কয়েকজন আহত হন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। আহতরা হলেন, টেম্পুচালক মো. রফিকুল ইসলাম নয়ন (২৬), যাত্রী লক্ষ্মণ নাথ (৩৬), আব্দুল আলীম জুয়েল (১৪), পাঁচগাছিয়া স্কুলের দশম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার, সপ্তম শ্রেণীর ছাত্রী পিংকি আক্তার ও শামিমা সুলতানা শিলা। এদের মধ্যে গুরুতর আহত শিলাকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কামরুল হাসান জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় প্রায় দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। ফলে ঢাকা ও চট্টগ্রামগামী গাড়িগুলো ফেনী শহরের ভেতরের ট্রাংক রোড ব্যবহার করলে শহরে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
পরে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলে ১১টার দিকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৭ ঘ.
bdnews24