বরিশাল, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ট্যারা শাহজাহান হত্যা মামলায় বরিশাল সিটি মেয়র মজিবর রহমান সরোয়ার ও ওয়ার্ড কমিশনার আতিকসহ ছয় আসামিকে আরও তিন দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতের বিচারক মুনিম হাসান রোববার দুপুরে এ আদেশ দেন।
এ মামলায় একই আদালত গত ২৬ আগস্ট মেয়রকে সাত দিন রিমান্ডে পাঠিয়েছিলেন। সে রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় পর রোববার ছয় আসামিকে আদালতে হাজির করে নতুন করে রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মীর কাসেম।
রিমান্ডে পাঠানো অপর আসামিরা হলেন, সোবাহান হাওলাদার, সুলতান শরীফ, কালু হাওলাদার ও মামুন তালুকদার। মেয়র সরোয়ারসহ ছয় আসামিকেই রোববার আদালতে হাজির করা হয়।
রিমান্ড শুনানি শেষে আসামিদের কড়া নিরাপত্তার মধ্যে প্রিজনভ্যানে করে কোতয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
২০০৩ সালে ১৬ সেপ্টেম্বর নগরীর জিয়া সড়কে নিজ বাড়ির সামনে খুন হন চিহ্নিত সন্ত্রাসী ট্যারা শাহজাহান।
হত্যাকাণ্ডের পর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল বাদি হয়ে একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজ আহমেদ চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করেছিলেন, গণরোষেই শাহজাহান নিহত হন।
সিটি মেয়র সরোয়ার চলতি বছরের ২৮ মে ঢাকায় র্যাবের হাতে গ্রেপ্তার হন। এরপর ওই হত্যার ঘটনায় গত ৫ জুন রেনু বেগম নতুন করে কোতয়ালি থানায় একটি মামলা করেন। তাতে মেয়র এবং কমিশনার আতিকুর রহমানসহ ২১ জনকে আসামি করা হয়।
চলতি বছরের ২৪ জুন ট্যারা শাহজাহান হত্যা মামলাটি পূনরুজ্জীবিত করার জন্য আবেদন করা হলে ম্যাজিস্ট্রেট মুনিম হাসানের আদালত সে আবেদন গ্রহণ করে।
আসামিদের মধ্যে ১২ জন এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মীর কাসেম জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৭ ঘ.
bdnews24