২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজান মাসে সরকারি অফিসের নতুন সময়সূচি

পবিত্র রমজান মাসে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ওই সময়ের মধ্যে দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 11:12 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পবিত্র রমজান মাসে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ওই সময়ের মধ্যে দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত সভায় শনিবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তার তেজগাঁও'র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। তবে উপদেষ্টা পরিষদের এ সিদ্ধান্ত ব্যাংক, ডাক বিভাগ, টেলিফোন, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত্ব শিল্প-প্রতিষ্ঠান বা কল-কারখানাসহ জরুরি কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কার্যকর হবে না। এসব প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব আইন অনুযায়ী রমজানের সময়সূচি নির্ধারণ করবে। সুপ্রিম কোর্ট এবং তার অধীনস্থ আদালতগুলো পৃথকভাবে তাদের অফিসসূচি নির্ধারণ করবে। সরকারি এক তথ্য বিবরণীতে শনিবার উপদেষ্টা পরিষদের এ সিদ্ধান্ত জানানো হয়। উপদেষ্টা পরিষদের ওই সভায় এশিয়ায় উচ্চ শিক্ষা বিস্তারের লক্ষ্যে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি স্থাপন সংক্রান্ত চুক্তি অনুস্বাক্ষরের প্রস্তাবেও অনুমোদন দেয়া হয়। ২০০৫ সালে বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে ওই বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়। গত এপ্রিলে দিল্লীতে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে সার্কভূক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। সভায় বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১ (২০০১ সালের ৫৫ নম্বর আইন) কার্যকরণের বিষয়ে আলোচনা হয়। আলোচনার পর আইনটি আরো পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করে উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপনের জন্য তথ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়। এছাড়া সভায় দেশে সার্বিকভাবে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং সার ব্যবহারকে কৃষকদের কাছে সাশ্রয়ী করে তোলার লক্ষ্যে সার প্রয়োগের নতুন প্রযুক্তি ও পদ্ধতি নিয়ে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রস্তাবনা পেশ করা হয়। সভায় উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসি/১৭০৪ ঘ.