মানিকগঞ্জ, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--পদ্মার ভাঙনে মাত্র এক সপ্তাহের মধ্যে দৌলতদিয়ার দুটি ফেরিঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে রাজধানী ও দক্ষিণাঞ্চলের মধ্যে পণ্য পরিবহণে মারাত্মক অচলাবস্থা সৃষ্টি হয়েছে ।
পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় আটকা পড়ে আছে শত শত পণ্যবাহী ট্রাক ও অন্য যানবাহন।
বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানিয়েছেন, পদ্মা নদীর তীব্র ভাঙ্গনে গত ১৭ আগস্ট তিন নম্বর এবং ২৩ আগস্ট দুই নম্বর ফেরিঘাটটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। তবে এক নম্বর ঘাটটি এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় টিকে রয়েছে।
বুধবার সকাল ১০টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে কমপক্ষে ৪০০টি এবং দৌলতদিয়া ঘাটে ৩০০টির মতো পণ্যবাহী ট্রাক আটকে থাকতে দেখা গেছে।
পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, পণ্যবাহী ট্রাকগুলো ঢাকা-পাটুরিয়া এবং দৌলতদিয়া-ফরিদপুর সড়কে এক থেকে দুই কিলোমিটার পর্যন্ত দখল করে আছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ঘাটের সমস্যা এবং বাস ও ছোট গাড়ির চাপ বাড়ায় পণ্যবাহী ট্রাক পারাপারে সমস্যা হচ্ছে।
বিআইডব্লিউটিসির আরিচা অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. শাহাদত হোসেন জানান, দৌলতদিয়ার একমাত্র চালু ঘাটটিও পদ্মার ভাঙ্গনের মুখে। সেখান দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
দৌলতদিয়ায় নতুন একটি ঘাট নির্মাণের প্রক্রিয়া চললেও সেটি চালু হতে অন্তত এক সপ্তাহ লেগে যাবে। কিন্তু এই সংকটের মুহূর্তে দুই-একদিনের মধ্যে নতুন ঘাট নির্মাণ করা না হলে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/১১৫৪ঘ.
bdnews24