নাটোর, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জঙ্গি মদদের অভিযোগে সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৩৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ গঠন পিছিয়েছে।
এর আগে দুই দফা এ মামলার অভিযোগ গঠন পিছিয়েছিলো।
অভিযোগ গঠনের ধার্য দিন মঙ্গলবার নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুস সামাদ আগামী ৩ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠনের নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার প্রধান আসামি রুহুল কুদ্দুস দুলুকে কারাগার থেকে আদালতে হাজির না করায় সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠনের তারিখ পেছানো হয়।
সরকার পক্ষের কৌঁসুলী (পিপি) আব্দুল কাদের সাংবাদিকদের জানান, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় হাজিরার জন্য ঢাকায় নিয়ে যাওয়ায় মঙ্গলবার অ্যাডভোকেট দুলুকে নাটোরের আদালতে হাজির করানো সম্ভব হয়নি।
নাটোর সদর উপজেলার রামশারকাজিপুর গ্রামের জাহেরুল ইসলামের ছেলে সেলিম রেজা বাদি হয়ে গত ৮ এপ্রিল মামলাটি দায়ের করেন।
এজাহারে অভিযোগ করা হয়, দুলুর ভাতিজা সাব্বির হোসেন গামা সন্ত্রাসীদের হাতে খুন হওয়ার পর প্রতিপক্ষকে শায়েস্তা করতে দুলু জেএমবির জঙ্গিদের কাজে লাগান। ২০০৪ সালের ১৮ এপ্রিল জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলাভাই নাটোরের আলাইপুরে দুলুর সঙ্গে বৈঠক করেন। এর পর বিভিন্ন সময় বাদিসহ অন্য গ্রামবাসীদের ধরে নিয়ে নির্যাতন চালানো হয়।
নাটোর সদর থানার পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) জাহিদুর রহমান চৌধুরী গত ৪ জুন জঙ্গি মদদের এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন।
বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে জঙ্গি মদদ, চাঁদাবাজিসহ নানা অভিযোগে মোট ২৩টি মামলা হয়। এর মধ্যে বাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা দুই মামলায় দুলুর একটিতে ১২ বছর ও অপরটিতে আট বছর সাজা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৫ ঘ.
bdnews24