ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতের 'দূরভিসন্ধি'নিয়ে রাজনৈতিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা সৃষ্টি করা হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
সোমবার তথ্য মন্ত্রণালয়ে ইলেকট্রনিক মিডিয়ার বার্তা সম্পাদকদের সঙ্গে এক বৈঠক শেষে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "আমরা সেই সংকট মোকাবেলা করতে সক্ষম হয়েছি।"
অনুসন্ধানে এ বিষয়টি উদঘাটিত হয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, "বেশি লোকের বিরুদ্ধে মামলা করতে হবেনা। অল্প কিছু লোকের বিরুদ্ধে মামলা করলেই সবকিছু বেরিয়ে আসবে।"
ব্যারিস্টার মইনুল বলেন, দেশকে একটি জটিল অবস্থার মধ্যে রেখে গেছে রাজনৈতিক সরকার ।
তত্ত্বাবধায়ক সরকার দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করেছে বলে মনে করেন মইনুল। বর্তমান সরকার দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পেরেছে বলেও মন্তব্য করেছেন তিনি।
বর্তমান সরকারকে 'সেনা-সমর্থিত জাতীয় সরকার' আখ্যা দিয়ে তথ্য উপদেষ্টা বলেন,"আমরা দুর্নীতিবাজদের বিচার শুরু করেছি। তাদের বিচার হতে হবে। নইলে ভবিষ্যতে কোন সৎ সরকার পাওয়া যাবেনা।"
উপদেষ্টা বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগ পৃথকীকরণ, স্বচ্ছ নির্বাচনের উদ্যোগ, সৎ লোকদের নির্বাচনে অংশগ্রহণের ব্যবস্থা এবং দলীয় রাজনীতিতে আর্থিক সচ্ছতার জন্য আইন প্রনয়ণের উদ্যোগ নিয়েছে।
মইনুল হোসেন আরও বলেন, "সরকার শুধু নির্বাচনের নয়, গণতন্ত্রের রোডম্যাপের জন্যও কাজ করছে। রাজনৈতিক সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। বর্তমান সরকার গণতন্ত্র পুন:উদ্ধারে কাজ করছে।"
২০০৮ সালের মধ্যেই নির্বাচন হবে অনুষ্ঠিত হবে উল্লেখ করে মইনুল বলেন, আমরা একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করতে চাই।
বর্তমান সরকারের 'বর্হিগমন পরিকল্পনা' তৈরি রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করে এই সরকার চলে যাবে তাতে কোন সন্দেহ নেই ।
'সাংবাদিকরা সরকারেরই অংশ'- এ মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন, সরকার এবং সাংবাদিকদের একযোগে কাজ করতে হবে। সাংবাদিকরা পেশাগত কাজে আর কোন নির্যাতনের শিকার হবেন না বলে আশ্বাস দেন তিনি।
বৈঠকে অংশ নেন একুশে টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক শাহ আলমগীর, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক সাইফুল আমিন ,এটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক মঞ্জুুরুল আহসান বুলবুল, আরটিভির প্রধান বার্তা সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার মুকুল, সিএসবির বার্তা সম্পাদক আহমেদ জোবায়ের, বাংলাভিশনের নির্বাহী সম্পাদক আমিনুর রশীদ, চ্যানেল ওয়ানের প্রধান বার্তা সম্পাদক নাজমুল আশরাফ, বৈশাখীর কর্মকর্তা ম. হামিদ, ইসলামিক টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মঞ্জুরুল আলম, রেডিও টুডের প্রধান বার্তা সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।
তথ্য সচিব দিদারুল আনোয়ার এবং প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) ইফতেখার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসকে/১৪৩৭ঘ.
bdnews24