নীলফামারী, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভাদ্র-আশ্বিন-কার্তিকের মঙ্গা মোকাবেলায় এবার নীলফামারীর চার পৌরসভার দুস্থ মানুষদের জন্য কোনও ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়নি। এতে কমপক্ষে ১২ হাজার দুস্থ পরিবার নিয়ে নীলফামারী, সৈয়দপুর, ডোমার ও জলঢাকার পৌর চেয়ারম্যানরা চরম বিপাকে পড়েছেন বলে তারা জানিয়েছেন।
প্রতি বছর ভাদ্র-আশ্বিন-কার্তিক মাসে মাঠে ময়দানে কাজ না থাকায় নীলফামারীর ক্ষেতমজুরসহ ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষীরা মঙ্গার কবলে পড়ে। জীবিকার তাগিদে এই সময়টায় শত-শত মানুষ কাজের সন্ধানে পরিবার পরিজন ফেলে পাড়ি জমায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন শহরে। নীলফামারীর চার পৌর এলাকায় এরকম পরিবারের সংখ্যা কমপক্ষে ১২ হাজার। মঙ্গার সময় এসব পরিবারকে খাদ্য সহায়তা দিতে প্রতি বছর বরাদ্দ দেওয়া হতো ভিজিএফ কার্ড। কিন্তু এবারের মঙ্গা ঠেকাতে জেলার ৬০ ইউনিয়নে ১ লাখ ৫০ হাজার ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হলেও চারটি পৌরসভার দুস্থদের অনুকূলে কোনও কার্ড বরাদ্দ দেওয়া হয়নি। প্রতিটি কার্ডে ১০ কেজি করে চাল বিতরণ করার লক্ষ্যে মোট বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে ৭ মেট্রিক টন চাল।
জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানিয়েছে, চারটি পৌরসভা ও ৬০টি ইউনিয়ন পরিষদ মিলিয়ে নীলফামারীতে দুস্থ পরিবারের সংখ্যা কমপক্ষে ৩ লাখ। গত বছর মঙ্গা মোকাবেলায় চার পৌরসভায় ১০ হাজার কার্ড বরাদ্দ দেওয়া হয়েছিল।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাবিবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চারটি পৌরসভার অনুকূলে ১০ হাজার ভিজিএফ কার্ড চেয়ে গত ২২ ও ২৪ আগস্ট খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব বরাবরে জরুরি ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে। কিন্তু মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনও বরাদ্দপত্র আসেনি।
নীলফামারী পৌরসভার চেয়ারম্যান দেওয়ান কামাল আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কৃষিনির্ভর নীলফামারীর ক্ষেত-খামারে এ সময়টায় কোনও কাজ থাকে না। ফলে সরকারি খাদ্য সহায়তার ওপর নির্ভর করেই দুস্থ মানুষরা কোনও রকমে বেঁচে থাকে। প্রতি বছর মঙ্গার সময় সরকার পৌরসভাগুলোতে ভিজিএফ কার্ড বরাদ্দ দিয়ে থাকে। এবার কার্ড বরাদ্দ দেয়া না হলে এইসব মানুষকে অনাহারে-অর্ধাহারে পরিবার-পরিজন নিয়ে দিন কাটাতে হবে।"
তিনি জানান, গত বছর পৌরসভায় আড়াই হাজার কার্ড বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু বন্যা ক্ষতিগ্রস্ত দুস্থদের বাঁচাতে এবার কমপক্ষে ৬ হাজার ভিজিএফ কার্ড প্রয়োজন।
সৈয়দপুর পৌরসভা চেয়ারম্যান আখতার হোসেন বাদল বলেন, "এবারের বন্যায় পৌরসভার অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও আকাশচুম্বি। গত বছর মঙ্গার সময় আড়াই হাজার ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছিল। যা মঙ্গা মোকাবেলায় কিছুটা সহায়ক হয়েছিল। এবার কোনও ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়নি। ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া না হলে ভাদ্র-আশ্বিন-কার্তিক এ তিন মাস দুস্থ পরিবারগুলো কী খেয়ে বাঁচবে?"
ডোমার পৌরসভার চেয়ারম্যান আল আজহার জানান, দুস্থ মানুষজন প্রতিদিন পৌরসভা অফিসসহ তার বাসায় এসে ত্রাণের জন্য ভিড় করছে। এবার মঙ্গার সময় যদি পৌর এলাকায় ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া না হয় তবে জটিল সমস্যায় পড়তে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৬ ঘ.
bdnews24