রাজশাহী, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক উপাচার্য সাইদুর রহমানসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটক তিন শিক্ষককে ১০ দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত।
কঠোর নিরাপত্তার মধ্যে নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে করে শনিবার সন্ধ্যা ৬টার সময় সাইদুর রহমান, আব্দুস সোবহান ও মলয় ভৌমিককে রাজশাহী মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
আদালত পরিদর্শক মাহবুবুল কুদ্দুস সিদ্দিকী সাংবাদিকদের জানান, মতিহার থানার উপপরিদর্শক ফারুখ হোসেন জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগ এনে তিন শিক্ষককে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে ম্যাজিস্ট্রেট
রবিউল ইসলাম তা মঞ্জুর করেন।
আদালতে শিক্ষকদের পক্ষে রিমান্ড আবেদনের বিরোধিতা করেন অ্যাডভোকেট শাহীন সালেহীন ও আসলাম আহমেদ।
তিন শিক্ষককে আদালত থেকে মতিহার থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান মাহবুবুল কুদ্দুস।
উপ-পরিদর্শক ফারুখ হোসেন জানান, শনিবার রাত থেকেই রিমান্ডে নেওয়া তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা শুরু হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় শিক্ষকদের জিঞ্জাসাবাদ করা হবে বলে জানান তিনি।
ছাত্র বিক্ষোভের ঘটনায় অজ্ঞাতনামা আড়াই হাজার ব্যক্তিকে আসামি করে বুধবার রাতে উপ-পরিদর্শক (এসআই) ফারুখ হোসেনই বাদী হয়ে একটি মামলা করেন।
বৃহস্পতিবার গভীর রাতে সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাইদুর রহমান খান ও প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক আব্দুস সোবহান এবং ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মলয় ভৌমিককে শুক্রবার সন্ধ্যায় আটক করা হয়।
বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন-অর-রশীদকেও আটক করা হয়। আটকের ৩৬ ঘণ্টা পর শনিবার দুপুরে জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগ এনে ওই দুই শিক্ষককে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালত দুই শিক্ষককেই চার দিন রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এসকে/জিএনএ/১৯০৯ ঘ.
bdnews24