ঢাকা, আগস্ট ২৫(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সকাল থেকে সারাদিন আর রাতেরও অনেকটা সময় পর্যন্ত কারফিউ শিথিল করায় রাজধানীর জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। শনিবার দিনের প্রথমভাগে পথেঘাটে মানুষের চলাচল দৃশ্যত আর দশটা দিনের মতোই দেখা যায়।
শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারফিউ শনিবার সকাল ৬টা থেকে ১১ টা পর্যন্তশিথিল করার কথা জানানো হয়। রাত ১১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবার সান্ধ্য আইন বলবত থাকবে।
মহানগরীর দোকান পাট, বিপনী বিতানসহ সব কিছুই খুলেছে।
প্রচুর রিকশা আর বেশ কিছু গাড়ি রাজপথে থাকলেও বাসসহ গণপরিবহন দেখা গেছে কম। বাসের চাহিদাও এই মূহুর্তে বেশ কিছুটা কম। কারফিউয়ের সুবাদে তিনদিনের লম্বা ছুটিতে বিস্তর ঝক্কিঝামেলা সয়ে হলেও ঢাকা ছেড়েছেন অনেক মানুষ।
কারফিউ শিথিলের ঘন্টাখানেকের মধ্যেই শহরের সড়কগুলো যন্ত্রচালিত যানবাহনের শব্দে সরব হয়ে ওঠে। এমনকি বিপুলসংখ্যক রিকশার কারণে রামপুরা, মালিবাগ, গুলিস্তান, নর্থ সাউথ রোড, মীরপুর সড়ক, আজিমপুরসহ বিভিন্ন সড়কে সকাল ৯টার দিকে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
প্রথম কারফিউ জারির পর থেকে পরিস্থিতি খুব দ্রুতই স্বাভাবিক হয়ে এসেছে। তার সঙ্গে সঙ্গতি রেখেই বাড়ছে কারফিউমুক্ত সময়ের পরিধি।
শনিবার সরকারি ছুটি হলেও প্রধান উপদেষ্টার কার্যালয় খোলা থাকে। তি পুষিয়ে নিতে আর জমে যাওয়া কাজের বোঝা কমাতে অনেক বাণিজ্যিক ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা ছিল।
সকালে মতিঝিল বাণিজ্যিক এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের পিয়ন আশরাফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,''কারফিউ শিথিল হওয়ায় স্বস্তি বোধ করছি। কয়েকদিন অফিসে যেতে পারি নাই। আজ অফিসে যাচ্ছি।''
তার মতে গত কয়েকদিন নগরী অবরুদ্ধ ছিল। এখন আবার মুক্ত।
পণ্য সরবরাহ বিঘি
bdnews24