২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শিক্ষক আটকের ঘটনা দুঃখজনক'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে আটক করার ঘটনাকে দুঃখজনক হিসাবে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, বলপ্রয়োগ বা ধরপাকড় নয়, আলোচনার মাধ্যমেই বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2007, 03:25 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে আটক করার ঘটনাকে দুঃখজনক হিসাবে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, বলপ্রয়োগ বা ধরপাকড় নয়, আলোচনার মাধ্যমেই বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীর মিলাদ শেষে শুক্রবার বিকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সভাপতি হাসানুল হক ইনু ও ওর্য়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন হারুন অর রশিদকে আটকের ঘটনাকে দুঃখজনক হিসাবে আখ্যায়িত করে তোফায়েল আহমেদ বলেন, "সরকারকে যে কোনো সিদ্ধান্ত সতর্কতার সঙ্গে নিতে হবে। ধরপাকড় না করে পরিস্থিতি কীভাবে শান্ত করা যায় সে বিষয়ে ভাবতে হবে। সরকারকে সহনশীল মনোভাব নিয়ে সব সমস্যার সমাধান করতে হবে।" মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, "বলপ্রয়োগ করে বর্তমান সমস্যার সমাধান সম্ভব নয়। অতীতে এই পথে অনেকেই এগিয়েছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। নির্বাচনের জন্য নেওয়া পদক্ষেপ যথেষ্ট কিনা সে বিষয়েও মানুষের মনে প্রশ্ন জেগেছে। এজন্য সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে।" রাশেদ খান মেনন বলেন, "সরকার পুরনো পথেই এগুচ্ছে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষদের গ্রেপ্তার করে সরকার পরিস্থিতি জটিল করছে। আলোচনার মাধ্যমেই সরকারকে সমাধানের পথে যেতে হবে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গ্রেপ্তারের ঘটনাকে উদ্বেগজনক আখ্যায়িত করে হাসানুল হক ইনু বলেন, "সরকারকে সহনশীল হতে হবে। কোনোভাবেই চরমপন্থা নেওয়া উচিত হবে না। দেরি না করে রাজনৈতিক দল ও সমাজিক শক্তিগুলোর সঙ্গে সরকারকে সংলাপ শুরু করতে হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৯৪৯ ঘ.