রাজশাহী, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ও পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সদস্য নওশাদ আলীকে শুক্রবার গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ড. মির্জা গোলাম সারোয়ার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তাহেরপুর ব্রিজের কাছ থেকে নওশাদকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, "নওশাদ বাগমারার জাহাঙ্গীর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।"
নওশাদকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে মির্জা সারোয়ার জানান, তাকে শনিবার আদালতে পাঠানো হবে।
২০০৬ সালের ১০ নভেম্বর সন্ধ্যায় রামরামা গ্রামে জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে চরমপন্থীরা হত্যা করে।
ওই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার 'চরমপন্থী' সদস্য মতিউর তার জবানবন্দিতে নওশাদের জড়িত থাকার কথা জানায় বলে পুলিশ কর্মকর্তা সারোয়ার জানান।
ওই হত্যাকাণ্ডের পর থেকেই নওশাদ পলাতক ছিলো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এমআই/১৮০২ ঘ.
bdnews24