খুলনা, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৮ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানকে নির্বাচন কমিশন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম সামসুল হুদা বুধবার সকালে খুলনার জিয়া হলে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদান সংক্রান্ত এক মতবিনিময় সভায় এক কথা বলেন।
তিনি আরও বলেছেন, "সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচন হলে হাইজ্যাকার, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরা আর কখনও ক্ষমতায় যেতে পারবে না। ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র দেওয়া হলে ভুয়া ভোটারও থাকবে না।"
সিইসি শামসুল হুদা বলেন, "২০০৮ সালের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। কমিশন এ কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। কিন্তু অনেকে বলেন, ভোটার তালিকা তৈরি করতে ১৮ মাস সময় লাগবে কেন। সময় লাগবে এ কারণেই যে,বর্তমান নির্বাচন কমিশন আধুনিক ও কম্পিউটারাইজ্ড পদ্ধতিতে ভোটার তালিকা প্রণয়ন করছে। ফলে সময় একটু বেশি লাগছে।"
বিগত সময়ের মতো সনাতনী পদ্ধতিতে ভোটার তালিকা প্রণয়ন করতে ছয় থেকে সাত মাস সময় লাগতো, এ কথা মনে করিয়ে দিয়ে সিইসি বলেন, "সেভাবে ভোটার তালিকা করলে ফলাফলও অতীতের মতই হতো।"
শামসুল হুদা জানান, বিদায়ী সরকারের শেষ সময়ে আমেরিকার গবেষণা সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট জরিপ চালিয়ে সর্বশেষ ভোটার তালিকায় এক কোটি ২০ লাখ ভুয়া ভোটার সনাক্ত করে।
তিনি বলেন, "ওই সময় মহা ঐক্যজোট ছবিসহ ভোটার তালিকা ও স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণের দাবি জানিয়েছিল। আমরাও চাই সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন করে গ্রহণযোগ্য একটি সুন্দর নির্বাচন করতে।"
অতীতে সরকারের নির্বাহী বিভাগ দ্বারা নির্বাচন কমিশনের ওপর ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, "বর্তমান কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করছে। আমরা এখন নির্বাহী বিভাগ দ্বারা পরিচালিত হচ্ছি না। কমিশনের ফাইলপত্রও ছিল সরকারের নিয়ন্ত্রণে।"
সভায় এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার জানান, ১৯৭২ সালের পরে যে সব আটকে পড়া পাকিস্তানি এ দেশে জন্ম গ্রহণ করেছেন, তারা ভোটার হতে পারবেন। এর আগে যাদের জন্ম তারা ভোটার হতে পারবেন না। কেননা তারা দেশ স্বাধীনের পর পাকিস্তানে ফিরে যাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন।
খুলনা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম ফিরোজ আলম। বক্তব্য রাখেন সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমান, ৮৮ পদাতিক ডিভিশনের (যশোর) ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হোসাইন, বিভাগীয় কশিনার মো. ইউনুসুর রহমান, উপমহা পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান মিয়া, পুলিশ কমিশনার রৌশন আরা প্রমুখ ।
বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে খুলনায় ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ শুরু করার কথা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বিআর/এসকে/১৮৪০ ঘ.
bdnews24